২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন নাফীস

খুলনা রয়েল বেঙ্গলসের কাছে হেরে গিয়ে শাহরিয়ার নাফীস স্বাভাবিকভাবেই হতাশ । তবে এই হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন বরিশাল বার্নার্সের অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা রয়েল বেঙ্গলসের কাছে হেরে গিয়ে শাহরিয়ার নাফীস স্বাভাবিকভাবেই হতাশ । তবে এই হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন বরিশাল বার্নার্সের অধিনায়ক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাফীস বলেন, “এই হার মেনে নেয়া কঠিন। তবে টুর্নামেন্টের শুরুতে হেরে যাওয়ায় এক দিক দিয়ে ভালোই হয়েছে। প্রথম দুই ম্যাচ সহজে জিতে যাওয়ায় দলের কেউ,কেউ আত্মপ্রসাদে ভুগে থাকতে পারে। এখন তারা নিশ্চয়ই সাবধানী।” “এই হার বরিশাল বার্নার্সকে আরো সতর্ক করে তুলবে,” যোগ করেন তিনি। প্রথমে ব্যাট করে লড়াই করার মতো সংগ্রহ গড়তে না পারাকেই হারের কারণ হিসেবে মনে করেন নাফীস। তিনি বলেন, “আমরা শুরুতেই একাধিক উইকেট হারিয়ে ফেলেছি। সে কারণে বড় স্কোর গড়তে পারিনি। ” “মমিনুল ছাড়া আর কোনো ব্যাটসম্যান রান পাননি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ রান না পেলে টি-টোয়েন্টিতে বড় স্কোর গড়া কঠিন,” যোগ করেন তিনি। বরিশাল বার্নার্স ক্রিস গেইল নির্ভর দল নয় বলেই মনে করেন নাফীস। তিনি বলে, “প্রথম ম্যাচে গেইলের দুর্দান্ত শতক ১০ উইকেটের জয় এনে দিলেও পরের ম্যাচে কিন্তু গেইল ছাড়া অন্যরাও রান পেয়েছেন। বার্নার্স শক্তিশালী দল। আমাদের দলে বাংলাদেশের কয়েক জন প্রতিভাবান ক্রিকেটার আছেন।” এই ম্যাচটির মতো রোববারের দ্বিতীয় ম্যাচেও লড়াই করার মতো সংগ্রহ গড়তে ব্যর্থ হয়ে হার মেনেছে সিলেট রয়্যালস। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১২৪ রানে অলআউট হয়ে সিলেটের দলটি হেরে গেছে ৭ উইকেটে। টানা দুই ম্যাচে রান কম হলেও এতে পিচের কোনো ভূমিকা নেই বলে মনে করেন নাফীস। তিনি বলেন, “পিচে কোনো সমস্যা নেই। আসলে সিলেট রয়্যালস ও আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি বলে ভালো সংগ্রহ গড়তে পারিনি। সেজন্য প্রতিপক্ষ বোলারদের কৃতিত্ব দিতেই হবে।” ম্যাচ সেরা নির্বাচিত ডোয়াইন স্মিথের ধারণা, শুরুতেই বরিশাল বার্নার্সের দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল ও আহমেদ শেহজাদের বিদায় খুলনা রয়েল বেঙ্গলসকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। তিনি বলেন, “গেইল ও শেহজাদ শুরুতে রান করতে পারেননি। তাই দুজনেই চাপে পড়ে আউট হয়ে যান। এটাই খেলার মোড় আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১৮ঘ.