ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ক্রিকেটের এক সময়ের পরাশক্তি বাংলাদেশ বিমান প্রথম বিভাগে নেমে গেছে। বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেলিগেশন প্লে-¬অফ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২৬ রানে হেরে গেছে তারা। বিমানের ক্রিকেট-ইতিহাসে এটাই প্রথম অবনমনের লজ্জা।
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪২ রান করে ব্রাদার্স। জবাবে ৪৮ ওভার ২ বলে ২১৬ রানে অলআউট হয়ে যায় বিমান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানেই ৩ উইকেট হারানো বিমানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলো জাভেদ ওমর বেলিমের (৬২) সঙ্গে পাকিস্তানের খালেদ লতিফের (৮৯) ১৩৮ রানের জুটি। তবে ৩ উইকেটে ১৮৩ রানে পৌঁছে গেলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা আর জিততে পারেনি। শেষ দিকে রেজাউল করিমের ১৭ রান হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।
৪৮ রানে ৩ উইকেট নিয়ে তুষার ইমরান ব্রাদার্সের সেরা বোলার।
এর আগে বিমানের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার তোপে ২০ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় ব্রাদার্স। তবে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের (৭২) সঙ্গে আফতাব আহমেদের (৮৪) ১৬৩ রানের দুর্দান্ত তৃতীয় উইকেট জুটির সুবাদে শুরুর ধাক্কা সামলে ওঠে ব্রাদার্স।
এরপর উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধীমান ঘোষের ২৭ ও পাকিস্তানের সোহেল তানভীরের অপরাজিত ২৬ রানের সুবাদে আড়াইশ রানের কাছাকাছি সংগ্রহ গড়ে তারা। মাশরাফির ২ উইকেটের পেছনে খরচ ৪২ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৩ঘ.
bdnews24