২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সহজ জয়

বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে শচীন টেন্ডুলকার ব্যর্থ। ২ রান করে আউট হয়ে যাওয়া টেন্ডুলকারের দলও ব্যর্থ । রোববার মেলবোর্নে ভারতকে সহজেই ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৬৫ রানে হারিয়ে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফাইনালের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে শচীন টেন্ডুলকার ব্যর্থ। ২ রান করে আউট হয়ে যাওয়া টেন্ডুলকারের দলও ব্যর্থ । রোববার মেলবোর্নে ভারতকে সহজেই ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৬৫ রানে হারিয়ে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ৩২ ওভারে নেমে আসা ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের ৫ উইকেটে ২১৬ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব তিন জনের - ম্যাথু ওয়েড, মাইকেল হাসি ও ডেভিড হাসির। ১৯ রানে ২ ও ৪৯ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলীয়দের প্রতিরোধের সূচনা উদ্বোধনী ব্যাটসম্যান ও উইকেট রক্ষকের দায়িত্ব পালন করা ওয়েড এবং অভিজ্ঞ মাইকেল হাসির সৌজন্যে। অভিষেকেই আলো ছড়ানো ওয়েডের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। ৬৯ বলের চমৎকার ইনিংসটিতে চারটি চার ও দুটি ছক্কা। ম্যাচ-সেরা ওয়েডের সঙ্গে ৭৩ রানের জুটি গড়া মাইকেলের ৪৫ রানের ইনিংসের পেছনে খরচ মাত্র ৩২ বল। তবে দুই বছরের বড় ভাইয়ের চেয়ে অনেক দ্রুত গতিতে রান তুলেছেন ডেভিড হাসি। মাত্র ৩০ বলে তিনটি ছক্কা ও চারটি চারে ৬১ রানে অপরাজিত থেকে তিনিই অস্ট্রেলিয়াকে নিয়ে গেছেন দু শর ওপরে। ডেভিড হাসির তান্ডবেই শেষ ১০ ওভারে ৯৯ ও শেষ ৩ ওভারে ৪০ রান পেয়েছে ওয়ানডে বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা। ২১ রানে ৩ উইকেট নিয়ে বিনয় কুমার ভারতের সেরা বোলার। জবাব দিতে নেমে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা একদমই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে ড্রাইভ করতে গিয়ে রিকি পন্টিংকে ক্যাচ দিয়েছেন টেন্ডুলকার। দুই ওভার পর গৌতম গম্ভীরও স্টার্কের শিকার। ১৩ রানে দুই উইকেট হারানো ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনে ৫১ রানের জুটি গড়লেও ওভার প্রতি রানের লক্ষ্য বাড়ছিলো লাফিয়ে-লাফিয়ে। সেই চাপেই ভেঙ্গে পড়ে দুজনই ডানহাতি পেসার ক্লিন্ট ম্যাকের বলে আউট। ৩১ রান করে কোহলি ক্যাচ দিয়েছেন পন্টিংকে। দুই বল পর রোহিত শর্মাও (২১) ওয়েডের গ্লাভসবন্দী। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৯) ও রবীন্দ্র জাদেজা (১৯) চেষ্টা করলেও জয়ের বিন্দুমাত্র সম্ভাবনা জাগাতে পারেনি ভারত। ২০ রানে ৪ উইকেট নেয়া ম্যাকের দুর্দান্ত বোলিং তার প্রধান কারণ। দুটো করে উইকেট নেয়া স্টার্ক এবং বাঁহাতি স্পিনার জাভিয়ের ডোহার্টিও অস্ট্রেলিয়ার শুভ সূচনায় ভালো অবদান রেখেছেন। বুধবার আবার মাঠে নামবে ভারত। পার্থে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৩ঘ.