২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না পেলেও আত্মবিশ্বাসী ঢাকা গ্ল্যাডিয়েটর্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম খেলার মাত্র দুদিন আগে সব খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করার সুযোগ পাবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। টুর্নামেন্টে ভালো করার জন্য এটাকে বড় একটা অন্তরায় মনে করলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গ্ল্যাডিয়েটর্সের বাঁ-হাতি স্পিনার মোশরাফ হোসেন রুবেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম খেলার মাত্র দুদিন আগে সব খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো অনুশীলন করার সুযোগ পাবে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। টুর্নামেন্টে ভালো করার জন্য এটাকে বড় একটা অন্তরায় মনে করলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত গ্ল্যাডিয়েটর্সের বাঁ-হাতি স্পিনার মোশরাফ হোসেন রুবেল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে শনিবার দ্বিতীয় দিনের অনুশীলন শেষে মোশরাফ বলেন, “খেলোয়াড়দের সবাইকে আরো আগে পেলে খুব ভালো হত। এতে খেলার পরিকল্পনা সাজানো ও দলের সমন্বয়ের জন্য আরো বেশি সময় পাওয়া যেত।” “তারপরও আমরা ভালো করার জন্য প্রস্তুত। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি,” যোগ করেন তিনি। কাঁধে চোট পাওয়া তানভীর হায়দার ছাড়া দলের সব খেলোয়াড়ই খেলার মধ্যে আছেন। ৫০ ওভারের ক্রিকেট থেকে টি-টোয়েন্টি মেজাজে আসতে দু/এক ম্যাচের বেশি সময় নেবে বলে মনে করেন না রুবেল। টি-টোয়েন্টি ক্রিকেটকে ব্যাটসম্যানদের খেলা হিসেবে মেনে নিলেও দলে ভালো বোলারের কোনো বিকল্প নেই বলে মনে করেন রুবেল। তিনি বলেন, “দলে ভালো বোলার না থাকলে বড় স্কোর করেও লাভ হবে না। এখানে ব্যাটসম্যানরা কিছুটা এগিয়ে থাকলেও বোলারদের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ।” নিজে স্পিনার হলেও স্পিন সহায়ক নয় বরং স্পোর্টিং উইকেট চান রুবেল। তিনি বলেন, “স্পিনার হিসেবে স্বাভাবিকভাবেই চাইবো স্পিন সহায়ক উইকেট। তবে দর্শকরা ব্যাটিং উইকেট দেখতে চাইবে।” “আমাদের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। দলে ইলিয়াস সানির মতো স্পিনার আছেন। ঢাকা লিগে আমাদের স্পিনাররা খুব ভালো করছে। যে কোনো উইকেটেই ভালো করার ব্যাপারে আমি আশাবাদী,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৫১ ঘ.