ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরপেক্ষ মাঠে নয়, দেশের মাটিতেই বাংলাদেশের মুখোমুখি হওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই আশাবাদ ব্যক্ত করেন পিসিবির প্রধান কার্যক্রম কর্মকর্তা সোবহান আহমেদ।
আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা। লাহোরে ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ।
এই সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সোবহান। তারা এখন তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দলের খুব শিগগিরি পাকিস্তান সফরে যাওয়ার কথা।
পাকিস্তানের রাজনৈতিক সঙ্কট ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হলেও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না হওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন সোবহান। তিনি বলেন, “পাকিস্তানের সর্বোচ্চ পর্যায় থেকেই বাংলাদেশকে পূর্ণ নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে।”
বিসিবির প্রয়াত প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯০৮ঘ.
bdnews24