ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে ভাগ্যের আরো একটু সহায়তা চান ভারতের কোচ ডানকান ফ্লেচার। বিদেশের মাটিতে টানা পাঁচটি টেস্ট হেরেছে ভারত। সিডনি টেস্টের প্রথম দিন মঙ্গলবার ভারতের প্রথম ইনিংস মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ায় আরো একটি হারের শঙ্কায় পড়েছে তারা।
এদিন শচীন টেন্ডুলকারের ৪১ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৫৭ রান ছাড়া আর কারো রানই উল্লেখ করার মত নয়।
যদিও এজন্য অস্ট্রেলিয়ার বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন ফ্লেচার। সেই সঙ্গে প্রতিপক্ষের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কেরও প্রশংসা করেছেন। বিকালে ভারতের পেসার জহির খানের তোপে মাত্র ৩৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে দিনের বাকি সময়ে নিরাপদ রাখেন ওই দুজন।
তবে নিজের দলের খেলোয়াড়দেরও দোষ দেননি ফ্লেচার । তিনি বলেন, “সাজঘরের আবহাওয়া খুবই ভালো। তারা অনুশীলনে প্রচন্ড পরিশ্রম করছে। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করছে তারা।”
“ক্রিকেটে এমনটা হয়ে থাকে, আমাদের শুধু কিছুটা সৌভাগ্যের প্রয়োজন,” যোগ করেন তিনি।
এদিন পেসার জেমস প্যাটিনসনের স্ট্যাম্পের বেশ বাইরে একটি বল কাভারে মারতে গেলে বল টেন্ডুলকারের ব্যাটের ভেতরের কাণায় লেগে তার উইকেট ভেঙ্গে দেয়। এ সম্পর্কে ফ্লেচার বলেন, “আজ শচীনকে দেখলেই বুঝতে পারা যায়, কতবার তিনি এতটা বাইরের বল খেলেছেন? খুব বেশি বার নয়। তিনি কাভার দিয়ে বলটিকে মাঠ ছাড়া করতে চেয়েছিলেন। মাঝে মাঝে এটা আপনার বিপক্ষে যায় আবার কখনো বা পক্ষে।”
তাবে মাঝসারির ব্যাটসম্যানদের কাছ থেকে আরো বড় জুটি আশা করেছিলেন বলেও জানান ফ্লেচার।
সিডনিতে প্রথম দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। তবে এখনো আশা ছেড়ে দেননি ফ্লেচার। তিনি মনে করেন, দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া দ্রুত একটি উইকেট হারালে ভারত লড়াইয়ে ফিরবে।
চার ম্যাচ সিরিজের প্রথমটিতে মেলবোর্নে ১২২ রানে হারে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৪ ঘ.
bdnews24