ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৫ সালের বিশ্বকাপের জন্য একটি বাড়তি বাছাই পর্বের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
লন্ডনে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় এই ঘোষণা দেয়া হয়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে টেস্ট খেলুড়ে দশ দেশের সঙ্গে বাছাই পর্বের বাধা টপকে যোগ দেবে চারটি দল। বাছাই পর্বে আইসিসির সহযোগী দেশগুলো অংশ নেবে।
আটটি সহাযোগী দেশকে নিয়ে আয়োজন করা হবে বাছাই পর্ব। শীর্ষ দুই দল খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এছাড়া ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু থেকেও খেলার সুযোগ পাবে দু'টি দল।
ডেভেলপমেন্ট কমিটির প্রস্তাব মেনে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে বাছাই পর্বের জন্য ভেন্যু ও দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেন, "এটা একটা দারুণ ব্যাপার। এই টুর্নামেন্টের কারণে সব সহযোগী দেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ার সুযোগ পাবে।"
এর আগে আইসিসি বিশ্বকাপে সহযোগী দেশগুলোকে না খেলানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তীব্র প্রতিবাদের মুখে হংকংয়ে ২৮ জুন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪১ ঘ.
bdnews24