ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে লিস্টারশায়ারকে ১৫ রানে হারিয়েছে ভারত।
৩১ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
টেস্টে বাজে হারের পর সীমিত ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুতি বেশ ভালো হয়েছে ভারতের। সীমিত ওভারের ক্রিকেটের জন্য দেশ থেকে উড়িয়ে আনা ক্রিকেটাররা দলকে পরাজয়ের বৃত্ত ভেঙ্গে নিয়ে এসেছেন জয়ের ধারায়।
গ্রেস রোডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লিস্টাশায়ার। ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের সুবাদে ৫ উইকেটে ১৬১ রান করে ভারত। জবাবে ৭ উইকেটে ১৪৬ রানে থামে লিস্টারশায়ারের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জশুয়া কব (৪) ফিরে গেলেও অ্যান্ড্রু ম্যানডোনাল্ড (৪৪) ও উইল জেফারসন (২০) দলকে ভালো অবস্থান নিয়ে যান। কিন্তু মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান জেমস টেলর (৫) ও পল নিক্সন (৬) দ্রুত বিদায় নিলে ম্যাচে ভারতের নিয়ন্ত্রন দৃঢ় হয়।
এক পর্যায়ে ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এর পর দলের পক্ষে একমাত্র আব্দুল রাজ্জাকই (৩৭) যা একটু লড়াই করেছেন। শেষ পর্যন্ত দলীয় ১৩১ রানে মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি। তার ২৪ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। রাজ্জাকের বিদায়ের সঙ্গে সঙ্গেই স্বাগতিকদের পরাজয় নিশ্চিত হয়ে যায়।
ভারতের পক্ষে বিনয় কুমার ৩ উইকেট নেন ২৯ রানে।
এর আগে ভারতকে ভালো সূচনা এনে দেন অজিঙ্কিয়া রাহানে (১৯) ও পার্থিব প্যাটেল (৪০)। ৯ ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরেও ততক্ষণে স্কোর বোর্ডে জমা হয় ৭৩ রান।
রাহানে-প্যাটেলর গড়া শক্ত ভিত কাজে লাগাতে কোনো ভুল করেন নি ভারতের পরের দিকের ব্যাটসম্যানরা। রাহুল দ্রাবিড় (২৯), বিরাট কোহলি (১৩) ও রোহিত শর্মা (২৯) প্রত্যেকেই রান পাওয়ায় লড়াই করার মতো পুঁজি গড়ে ভারত।
এ ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া সুরেশ রায়না শেষ পর্যন্ত অরাজিত থাকেন ২১ রান।
লিস্টারশায়ারের পক্ষে কব ২ উইকেট নেন ২২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪১২ ঘ.
bdnews24