২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সমতা ফেরানোর লড়াই

চতুর্থ একদিনের খেলায় জিতে সিরিজে সমতা ফেরাতে চায় শ্রীলঙ্কা। আর এই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চতুর্থ একদিনের খেলায় জিতে সিরিজে সমতা ফেরাতে চায় শ্রীলঙ্কা। আর এই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। কলম্বোয় শনিবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। প্রথম দুই খেলায় সহজ জয় পেয়ে হাওয়ায় উড়ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় খেলায় জিতে সিরিজে ফিরে আসে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে স্পিনে নাকাল হলেও অস্ট্রেলিয়া একদিনের সিরিজে এ পর্যন্ত বেশ সফল। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়িয়েছেন পেসাররা। বিশেষ করে, লাসিথ মালিঙ্গা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া সামিন্দা এরাঙ্গা। পেস দিয়েই সফরকারীদের বধ করেছে স্বাগতিকরা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ফেরায় শ্রীলঙ্কার শক্তি অনেকটাই বাড়বে। অধিনায়ক তিলকারতেœ দিলশান তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখছেন। নুয়ান কুলাসেকারা ও সুরাঙ্গা লাকমালও ভালো করছেন। অজন্তা মেন্ডিস, সুরাজ রনদিবের সঙ্গে যুক্ত হয়েছেন ২৬ বছর বয়সী লেগ স্পিনার সেকুগে প্রসন্ন। বিশ্বকাপের পর যেন রান করতে ভুলে গেছেন ব্র্যাড হ্যাডিন। দলে আর কোনো উইকেটরক্ষক না থাকায় তার খেলা নিশ্চিত। শেষ পাঁচ ইনিংসে রান করেছেন ১০, ৮, ১২, ৭ ও ৫। শেন ওয়াটসন দলকে উড়ন্ত সূচনা এনে দিলেও অপর উদ্বোধনী ব্যাটসম্যান হ্যাডিন ভালো খেলতে না পারায় দলের উপর চাপ বাড়ছে। তৃতীয় ম্যাচে ওয়াটসন ব্যর্থ হওয়ায় অনেক আগেই উইকেটে আসতে হয় রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ককে। পন্টিং ও ক্লার্ক বেশ ছন্দেই আছেন। তবে তারা ব্যর্থ হলে সব দায়িত্ব এসে পড়ছে মাইক হাসির কাঁধে। লেজের সারির কোনো ব্যাটসম্যান তাকে সেভাবে সঙ্গ দিতে পারছেন না। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বেশ শক্তিশালী। ব্রেট লি, ডোগ বোলিঙ্গার ও মিচেল জনসন গুড়িয়ে দিয়ে পারেন যে কোনো দলের ব্যাটিং। উপমহাদেশে তাদের রেকর্ড বেশ ভালো। প্রথম ম্যাচে ৬ উইকেট নেয়ার পর জনসনকে নিয়ে আলাদা করে ভাবতেই হবে স্বাগতিকদের। মরা পিচে পেসাররা আগুন ঝরালেও স্পিনাররা সেভাবে কিছু করতে পারছেন না। উইকেট বিবেচনায় রেখে সফরকারীরাও বেশ কয়েকজন স্পিনারকে দলে রেখেছে। কিন্তু শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানদের তাদের মাটিতে স্পিন দিয়ে কাবু করা একটু কঠিনই হবে। শ্রীলঙ্কার প্রথম চার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা, দিলশান, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা ছাড়া আর কারো ব্যাট হাসছে না। নিষেধাজ্ঞা কাটিয়ে থারাঙ্গা ফিরেছেন দারুণভাবে। বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন তিনি। এ বছর চারটি শতক হাঁকিয়েছেন তিনি। দিলশান, জয়াবর্ধনে ও সাঙ্গাকারা শুরু করছেন। কিন্তু নিজেদের ইনিংস খুব বড় করতে পারছেন না। তবে চারজন ব্যাটসম্যান রানের মধ্যে থাকায় অন্যদের ওপর চাপ অনেকটাই কমে গেছে। তারওপর অন্তত দু'জন অলরাউন্ডার খেলানোর সুযোগ পাচ্ছেন দিলশান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৯ ঘ.