২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সঙ্গে পেরে উঠছে না বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে টানা হারের অভিজ্ঞতা ভুলতে বসেছিল বাংলাদেশ। সফরকারীদের ওই অভিজ্ঞতার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিলেন ব্রায়ান ভিতোরি ও ভুসি সিবান্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের কাছে টানা হারের অভিজ্ঞতা ভুলতে বসেছিল বাংলাদেশ। সফরকারীদের ওই অভিজ্ঞতার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিলেন ব্রায়ান ভিতোরি ও ভুসি সিবান্দা। প্রথম ম্যাচে এই দুজনের কাছেই হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একটু অদল বদল হলেও ম্যাচে মূল চিত্র ওই একই রকম, ব্যবধান গড়ে দিয়েছেন ভিতোরি-সিবান্দা। তবে এবার তাদের সঙ্গী প্রথম ম্যাচে শূন্য রানে বিদায় নেয়া তাতেন্দাই তাইবু। দ্বিতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ৩৫ বল। এ হারের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। ব্যাট করতে নেমে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা নাসির হোসেনের অর্ধশতকের পরেও ৪৭ ওভার ৩ বলে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ভুসি সিবান্দা ও তাতেন্দা তাইবুর অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪৪ ওভার ১ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ১৮৯ ছাড়িয়ে ১৯১ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ রানের মাথায় টেলরকে (৩) হারালেও বাংলাদেশের বোলারদের চেপে বসার কোনো সুযোগ দেয়নি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দ্বিতীয় উইকেটে সিবান্দা ও মাসাকাদজা ৮৪ রানের জুটি গড়ে দলকে বড় জয়ের ভিত গড়ে দেন। দলীয় ৮৭ রানে মাসাকাদজা (৩৮) বিদায় নিলেও অবিচল ছিলেন সিবান্দা। তৃতীয় উইকেটে সিবন্দা ও শুরুতে নড়বড়ে থাকা তাইবু যোগ করেন ৫৯ রান। দলীয় ১৪৬ রানের মাথায় সিবান্দা (৬৭) যখন সাজঘরের প ধরেন জয় তখন জিম্বাবুয়ের দোরগোড়ায়। তিনি তার ৯৬ রানের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। সিবান্দা ফিরে গেলে ক্রেগ ইরভিনকে নিয়ে বাকি কাজটুকু নিরাপদেই সারেন তাইবু। শেষ পর্যন্ত তাইবু ৬১ ও ইরভিন ৮ রানে অপরাজিত থাকেন। তাইবুর ৭৪ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছয় রয়েছে। বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি করে উইকেট নেন। প্রথম ম্যাচের মতো এবারো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য দুর্বোধ্য হয়ে থাকলেন ব্রায়ান ভিতোরি। এবার বরং আরো ভালো করেছেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে প্রথম ম্যাচে ৫ উইকেট নেন ৩০ রানে। এবার নিলেন ২০ রানে। এর আগে বাংলাদেশকে অনেক বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন নাসির। ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সফরকারীদের টেনে তুলেন তিনি। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে সপ্তম উইকেটে ৫৩ রান যোগ করে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলেন। দলীয় ১১১ রানের মাথায় সাকিব (২৬) বিদায় নিলে একা হয়ে পড়েন নাসির। কিন্তু আব্দুর রাজ্জাক অষ্টম উইকেটে তাকে ভরসা জোগান। উপরের সারির ব্যাটসম্যানদের লজ্জা দিয়ে তারা দুজন যোগ করেন ৬৫ রান। এক পর্যায়ে নাসির-রাজ্জাক বাংলাদেশকে আরো বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু দলীয় ১৭৬ রানের মাথায় নাসির (৬৩) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় সফরকারীরা। তিনি তার ৯২ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। এর পর আরে বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। ১২ রান পরেই তাকে অনুসরণ করেন রাজ্জাক (৩৫)। ওই রানেই রুবেল হোসেন রান আউট হয়ে গেলে ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় সফরকারীরা। এর আগে ৫৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল ৩, মুশফিকুর রহীম ১২, ইমরুল কায়েস ৮, শাহরিয়ার নাফীস ১৪, আশরাফুল ৬ ও রিয়াদ ৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪৭ ঘ.