২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর পরিশ্রম করছি: ইমরুল

ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন বলে জানিয়েছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন বলে জানিয়েছেন জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। দুই দিনের প্রস্তুতি ম্যাচে শনিবার সবুজ দলের হয়ে ব্যাট করেন ইমরুল। বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। রবিউল ইসলামের বল ছেড়ে দিতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৩ রানে। সাজঘরে ফিরে ঘোষণা দেন বাজে আউটের শিকার হয়েছেন। ম্যাচ অনুশীলন বেশি হয়নি। তাই ১৪ মাস পর টেস্ট খেলার আগে প্রস্তুতি ভালো করে নিতে আউট হওয়ার পর ইনডোরে একাডেমী দলের পেসার আলাউদ্দিন বাবুকে নিয়ে আলাদা করে অনুশীলন করেন। পরে বোলিং মেশিনেও অনেকক্ষণ ব্যাট করেন ইমরুল। এরই ফাঁকে বলেন, "বাজে আউট ছিল। অবশ্য প্রথম দিকে বেশ চাপে ছিলাম। কিন্তু একটা চার মারার পরই চাপটা কেটে যায়। কিন্তু অফস্টাম্পের বাইরের বল ছাড়তে গিয়েও পারলাম না।" জিম্বাবুয়ে যাওয়ার আগে বেশি প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন অনুভব করছেন ইমরুল। তিনি বলেন, "আমাদের বেশি প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন। আজ সব মিলে ৫ ওভার উইকেটে ছিলাম। কাল হয়তো সারাদিন ফিল্ডিং করতে হবে। ব্যাটিং অনুশীলন সেভাবে হয়নি। সে কারণে বেশি প্রস্তুতি ম্যাচ খেললে সুবিধা হতো।" ম্যাচে বেশি ব্যাটিং করতে না পারার ঘাটতি পুষিয়ে দিতে ইনডোরে ঘাম ঝরান তিনি। আশায় বুক বেঁধেছেন, হয়তো জিম্বাবুয়েতে ভালো কিছু হবে। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে শক্তিশালী হিসেবে দেখলেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে অতীত ইতিহাসের কথা স্মরণ করিয়ে ইমরুল বলেন, "আমরা জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই ভালো করি। আশা করছি এবারো ভালো কিছু হবে।" বুলাওয়ের উইকেট নিয়ে ধারণা থাকলেও হারারের উইকেটের ব্যাপারে একেবারেই অজ্ঞ ইমরুল। তবে ধারণা করছেন, টেস্টে ঘাসের উইকেট বানাতে পারে স্বাগতিকরা। সে কারণে দেশে ঘাসের উইকেটে আরো অনুশীলন করতে চান তিনি। ইমরুল বলেন, "বুলাওয়েতে খেলেছি, সেখানে উইকেট ব্যাটিং সহায়ক। হারারের উইকেট নিয়ে কোনো ধারণা নেই, তবে সেখানে পেস বোলারদের জন্য সহায়ক উইকেট হতে পারে। আমাদের ধৈর্য্য ধরে খেলতে হবে।" অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে কাউন্টি খেললেও টেস্টে তাদের কোনো সমস্যা হবে না বলে মনে করেন ইমরুল। তিনি বলেন, "সাকিব-তামিম খেলার মধ্যেই আছে। মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৮২৪ ঘ.