২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কাজ শিগগির শুরু হবে'

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শিগগিরই গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হবে। তবে কাজ শেষ হওয়ার সুনির্দিষ্ট সময়সীমার কথা তিনি উল্লেখ করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শিগগিরই গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হবে। তবে কাজ শেষ হওয়ার সুনির্দিষ্ট সময়সীমার কথা তিনি উল্লেখ করেননি। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "নির্বাচিত সভাপতি দায়িত্ব পালন করুক এটা আমরাও চাই।" তবে বিসিবির আগামী বার্ষিক সাধারণ সভায় সংশোধনীসহ গঠনতন্ত্রটি তোলা হবে কী না, সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, উইমেন উইংয়ের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও প্রধান নির্বাচক আকরাম খান উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে কামাল বলেন, "গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরুর আগে সরকারের সঙ্গে আলোচনা করতে হবে।" "পাকিস্তান-শ্রীলঙ্কা কি করে তাও সরকার দেখতে চাইতে পারে। তবে আমরা আমাদের কথা বলবো। দায়িত্ব নেয়ার পর নির্বাচনের পক্ষে কথা বলার সুযোগ আমার ছিল না। এবার সুযোগ এসেছে। নির্বাচিত সভাপতিই বিসিবির দায়িত্ব নেবেন," বলেন তিনি। আইসিসি রাজনৈতিক ব্যক্তিদের বোর্ড থেকে সরানোর জন্য দুই বছর সময় বেঁধে দিয়েছে। বিসিবি সভাপতি বলেন, "আমাদের দুই বছর লাগবে না। হয়তো আগেই করে ফেলবো।" "আমি এক সময় সভাপতি নির্বাচনের বিরুদ্ধে ছিলাম," বলেন তিনি। কিন্তু এখন সুর পাল্টে বলেন, "বিসিবিতে নির্বাচিত সভাপতিরই দায়িত্ব পালন করা উচিত। দায়িত্ব নেয়ার পরপরই এমন কথা বলার ক্ষেত্র ছিল না। এবার আইসিসি বলায়, এ নিয়ে কাজ করার সুযোগ এসেছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সংসদীয় অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মুস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৫৩ ঘ.