২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে পূর্ণ শক্তির ভারত দল

ইংল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোট কাটিয়ে এবং বিশ্রাম শেষে টেস্ট দলে ফিরেছেন তারকা ক্রিকেটাররা। কাঁধে অস্ত্রপচারের পর এখনো সম্পূর্ণ সুস্থ না হলেও দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। তবে সফরের প্রথম সপ্তাহ দলের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। খেলার মতো সুস্থ হতে ওই সময়টুকু লাগবে তার। ফিরেছেন শচীন টেন্ডুলকারও। বিশ্রামের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না গেলেও ইংল্যান্ড সফর দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন শচীন। চোট কাটিয়ে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির, অলরাউন্ডার যুবরাজ সিং, পেসার জহির খান ও শ্রীশান্থ। ওয়েস্ট ইন্ডিজে চলমান সিরিজে বাজে খেলার খেসারত দিয়ে বাদ পড়েছেন মুরালি বিজয় ও বিরাট কোহলি। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজে ভালো করায় সুরেশ রায়না ও অভিনব মুকুন্দ টিকে গেছেন দলে। ১৫ জুলাই সামারসেটের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে ভারতের ইংল্যান্ড সফর শুরু হবে। সফরে ভারত চারটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। কার্ডিফে পঞ্চম একদিনের ম্যাচ দিয়ে ১৬ সেপ্টেম্বর সফর শেষ হবে। দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), গৌতম গম্ভির, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, সুরেশ রায়না, অভিনব মুকুন্দ, ঋদ্ধিমান সাহা, হরভজন সিং, অমিত মিশ্র, জহির খান, শ্রীশান্থ, মুনাফ প্যাটেল, ইশান্ত শর্মা ও প্রভীন কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২০১৮ ঘ.