ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ক্রিকেট বিশ্বকাপ জয়ের উন্মাদনা ভেস্তে গিয়েছিলো।
আইপিএলের চতুর্থ আসরের ফাইনালে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫৮ রানে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের অধিনায়ক ধোনি খেলা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
এপ্রিলে বিশ্বকাপ জয়ের পরের মাসেই চেন্নাইকে আইপিএল জেতানো ধোনির এত সুসময় আর কখনো আসেনি। এক উৎসব শেষ হতে না হতেই আরেক উৎসবের মধ্যমণি হলেন। তবে উচ্ছ্বাসের সঙ্গে ধোনির কন্ঠে কিছুটা বিষাদও ছিলো। বিশ্বকাপ জয়ের আনন্দ পুরোপুরি উপভোগ করতে না পারায় হতাশ তিনি।
তিনি বলেন, "বিশ্বকাপ জয়ের পরপরই আইপিএলে অংশ নেওয়া বেশ কঠিন ছিল। এর কারণে ক্রিকেট ভক্তরা বিশ্বকাপ জয়ের আনন্দ পুরোপুরি উপভোগও করতে পারেনি। পরে অবশ্য তারা ঠিকই মাঠে এসে আইপিএল দেখেছে, আনন্দ করেছে।"
ফাইনাল জয়ের কৃতিত্ব ধোনি ভাগ করে দেন দলের উদ্বোধনী জুটি মুরালি বিজয় ও মাইক হাসিকে। একই সঙ্গে অসাধারণ বোলিং করা রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা করতেও ভোলেননি তিনি।
বলেন, "বলতে পারেন, আমাদের সেরাটা ফাইনালের জন্য তুলে রেখেছিলাম। বিজয় ও হাসি দারুণ সূচনা করে ১৫-১৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল। তাতে ভর করে শেষ পর্যন্ত ২০০ পার হই আমরা।"
ধোনি আরো যোগ করেন, "আর অশ্বিন তো এক কথায় অসাধারণ। ৩০ গজের বাইরে মাত্র দু'জন ফিল্ডার থাকার পরও নিয়ন্ত্রিত বোলিং করেছে সে।"
ফাইনালে অশ্বিন ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭১৫ ঘ.
bdnews24