২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্টে পেরোরে

দ্বিতীয়বারের চেষ্টায় মাউন্ট এভারেস্টে উঠলেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার অ্যাডাম পেরোরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয়বারের চেষ্টায় মাউন্ট এভারেস্টে উঠলেন নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার অ্যাডাম পেরোরে। এর আগে প্রথমবার অনেকদূর এগিয়েও খারাপ আবহাওয়ার জন্য পিছিয়ে আসতে বাধ্য হন। তবে এবার আর হার মানেননি। ঠিকই পৌঁছে যান তিনি নিজের লক্ষ্যে। তবে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় বেশিক্ষণ থাকেননি চূড়ায়। ৪০ বছর বয়সী পেরোরে নিউজিল্যান্ডের হয়ে খেলেন ৭৮টি টেস্ট ও ১৭৯টি একদিনের ম্যাচ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেরোরে রোববার পা রাখেন চূড়ায়। পরে তিনি বলেন, "আমি সেখানে ২০ কিংবা ৩০ মিনিটের মতো ছিলাম। বেশ কয়েকটি ছবি তুলেছি। চূড়ায় পৌঁছে কি করবো না করবো, তা নিয়ে কতো কিনা ভেবে রেখেছিলাম। কিন্তু ওঠার পর সবকিছু কেমন যেন গুলিয়ে গেল।" চূড়ায় পৌঁছার পর পেরোরের ভাবনাজুড়ে ছিল কেবল নিচে নেমে আসা। এভারেস্ট থেকে নেমে পেরোরে বলেন, "আমি শুধু নিচে নামতে, আর বেঁচে থাকতে চেয়েছিলাম।" নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটে পেরোরে বলেন, "আমি কঠোর পরিশ্রম করেছি। এখানে ছোট ব্যাপারগুলোও অনেক বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।" এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছার পর পেরোরে কথাই বলতে পারছিলেন না। সর্দি তাকে প্রায় ঘায়েল করে ফেলেছিল এবং শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এই সফলতার জন্য পেরোরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার শেরপার কাছে। বলেন, "এভারেস্টে তিনিই আমাকে বাঁচিয়ে রাখেন। একজন পুরনো বন্ধুর মতো পুরো পথ তিনি আমার পিছনে থেকেছেন। অনেক সময় পেছন থেকে ঠেলে আমাকে এগিয়ে দেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯১৪ ঘ.