ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজস্থান রয়্যালসের নিয়মিত কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শেন ওয়ার্ন।
মুম্বাইয়ের বিপক্ষে শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের শেষ ম্যাচ খেলার পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্ন। দলটিতে তিনি চার বছর ধরে খেলছেন।
তিনি বলেন, "দলের কোচের দায়িত্ব যে আমি নিচ্ছি না, সে ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারি। সাত সপ্তাহের জন্য কোচ হওয়ার কোনো অর্থ নেই।"
নিয়মিত কোচ না হলেও খণ্ডকালীন উপদেষ্টা হিসেবে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেননি ওয়ার্ন। তিনি বলেন, "নিজেকে একজন উপদেষ্টা হিসেবে দেখতে চাই আমি।"
কিছুদিন আগে ওয়ার্ন আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন। এরপর রাজস্থান এক বিবৃতিতে জানায়, আসছে বছরগুলোতেও তারা ওয়ার্নকে দলে চান। তবে রাজস্থানে তার ভূমিকা কি হতে পারে, তা পরিষ্কার করে বলা হয়নি।
শুরু থেকেই রাজস্থানকে নেতৃত্ব দিয়ে আসছেন ওয়ার্ন। প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান অবশ্য পরের তিন আসরে খুব একটা সুবিধা করতে পারেনি।
উপদেষ্টা হিসেবে ঠিক কোন দলের সঙ্গে কাজ করবেন, এখনো তা ঠিক করেননি ওয়ার্ন। শুধু রাজস্থান নয়, অন্য দলের সঙ্গেও কাজ করতে পারেন বলে আভাস দেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, "অবশ্যই রাজস্থানই সবার আগে গুরুত্ব পাবে। তবে দলটির সঙ্গে চুক্তিতে পৌঁছতে না পারলে তো অন্য দল দেখতেই হবে।"
ওয়ার্ন রাজস্থানের হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন। ২৫.৩৮ গড়ে নেন ৫৭ উইকেট।
রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) সেক্রেটারি সঞ্জয় দিক্ষিতের সমালোচনা করায় কয়েকদিন আগে ওয়ার্নের ৫০ হাজার ডলার জরিমানা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ওয়ার্ন বলেন, অস্ট্র্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে খেলতে কেউ তাকে বলেনি। তবে বললেও যে লাভ হবে না তা তিনি জানিয়ে দিয়েছেন।
"আমি এখন আর কোনো দলে খেলার কথা ভাবছি না," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২৯ ঘ.
bdnews24