২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী, মোহামেডান ও শেখ জামালের জয়

মেয়েদের ক্লাব লিগ ২০১০-১১ এর চূড়ান্ত পর্বের খেলায় আবাহনী, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব সহজ জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের ক্লাব লিগ ২০১০-১১ এর চূড়ান্ত পর্বের খেলায় আবাহনী, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব সহজ জয় পেয়েছে। চূড়ান্ত পর্বের খেলায় শুক্রবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী ১০ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবকে, সিটি ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান ৮ উইকেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং বিকেএসপি-৩ মাঠে শেখ জামাল ৫ উইকেটে বিকেএসপিকে হারিয়েছে। আবাহনী-গুলশান ইয়ুথ ক্লাব টস জিতে ব্যাট করতে নেমে গুলশান ইয়ুথ ক্লাব মাত্র ২২ ওভার ৪ বলে ৩৪ রানে গুটিয়ে যায়। জবাবে আবাহনী ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্য ৩৫ ছাড়িয়ে পৌঁছে যায় ৩৮ রানে। তখনো হাতে ছিল ২১০ বল। লক্ষ্য তাড়া করতে নেমে লতা মন্ডল ও আয়েশা আক্তার অন্যদের কোনো সুযোগই দেননি। আয়েশা দেখেশুনে খেললেও লতা ছিলেন মারমুখী। লতা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩০ রানে। আয়েশা ৭ রানে। এর আগে ব্যাট করতে নেমে গুলশানের কেউ পারেননি দু'অঙ্কে পৌঁছতে। সর্বোচ্চ ৫ রান আসে হালিমা আক্তার ও তাজিয়া আক্তারের ব্যাট থেকে। দলের চারজন বিদায় নেন রানের খাতা খোলার অগেই। আবাহনীর পক্ষে জাহানারা আলম ও খাদিজাতুল কুবরা ৩টি করে উইকেট নেন। এ জন্য জাহানারা দেন ৪ রান। খাদিজা ৫। মোহামেডান-আজাদ স্পোর্টিং ক্লাব টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৩ রান করে আজাদ। জবাবে শুকতারা রহমানের অর্ধশতকের সুবাদে ২৯ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১২৪ রানে পৌঁছে যায় মোহামেডান। তখনো হাতে ছিলো ৬৫ বল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও বেগ পেতে হয়নি মোহামেডানের। উদ্বোধনী জুটিতে শুকতারা ও শায়লা শারমীন ৪৭ রান তোলে দলকে ভালো সূচনা এনে দেন। ১৮ রান করে শায়লা বিদায় নিলেও অবিচল ছিলেন শুকতারা। শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৯৩ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে। এছাড়া রুমানা আহমেদ ৩০ রান করেন। আজাদের পক্ষে চম্পা চাকমা ২ উইকেট নেন ২৮ রানে। এর আগে সাথিরা জাকিরের ৩০, চম্পার ২৪ ও পাপিয়া বাবুর ১৬ রানের সুবাদে ১২৩ রান করে আজাদ। দলের তিনজন হন রান আউট। মোহামেডানের পক্ষে শুকতারা ৩ উইকেট নেন ২৬ রানে। শেখ জামাল-বিকেএসপি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শেখ জামাল। ব্যাট করতে নেমে ফারজানা হকের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৩৪ রান করে বিকেএসপি। জবাবে ৩৬ ওভার ৪ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১৩৫ রানে পৌঁছে যায় শেখ জামাল। তখনো হাতে ছিলো ২০ বল। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো শেখ জামালকে জয় এনে দেন পান্না ঘোষ ও অধিনায়ক চামেলী খাতুন। পান্না করেন ৩৬ রান। আর চামেলী শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৯ রানে। বিকেএসপির পক্ষে ডলি রানী সরকার ২ উইকেট নেন ২১ রানে। এর আগে ব্যাট করতে নেমে প্রায় একাই লড়েছেন ফারাজানা। শেষ পর্যন্ত ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ১১৮ বলের ইনিংসে ৬টি চার রয়েছে। এছাড়া নুজহাত তাসিনা ১৭ রান করেন। শেখ জামালের পক্ষে ২টি করে উইকেট নেন লিলি ও তিথি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩০ ঘ.