ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিএেকএসপি)। দিনের অন্য খেলায় ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিকেএসপি-কলাবাগান
বি গ্র"পের খেলায় রোববার কলাবাগানকে ৯ উইকেটে হারায় বিকেএসপি। তখনো হাতে ছিল ১৮৩ বল।
টস জিতে ব্যাট করতে নেমে কলাবাগান ২০ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ৬১ রান করে। জবাবে ৯ ওভার ৩ বলে ১ উইকেটে জয়ের লক্ষ্য ৬২ ছাড়িয়ে ৬৫ রানে পৌঁছে যায় বিকেএসপি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পায় বিকেএসপি। উদ্বোধনী জুটিতে ফারজানা আক্তার ও অধিনায়ক শারমীন আক্তার ৩৮ রান তুললে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
শেষ পর্যন্ত শারমীন ২২ ও সানজিদা ১২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ফারজানা করেন ১৪।
কলাবাগানের পক্ষে ফরিদা ইয়াসমিন ১ উইকেট নেন ১৬ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ১১৮ বল বাকি থাকতেই গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস। সর্বোচ্চ ২২ রান আসে অতিরিক্ত থেকে। কলাবাগানের পক্ষে সুলতানা ১২ রান করেন। আর কেউ পা রাখতে পারেননি দুই অঙ্কের ঘরে।
বিকেএসপির পক্ষে তৃপ্তি মন্ডল ৪ উইকেট নেন ১৬ রানে। এছাড়া মোরশেদা খাতুন ১১ রানে নেন ৩ উইকেট।
শেখ জামাল-ওরিয়েন্ট
সিটি ক্রিকেট গ্রাউন্ডে এ গ্র"পের খেলায় ওরিয়েন্টকে ১০ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তখনো হাতে ছিল ১৭৯ বল।
টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ৬৮ রান করে ওরিয়েন্ট। জবাবে ১১ ওভার ১ বলে জয়ের লক্ষ্য ৬৯ রানে পৌঁছে যায় শেখ জামাল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অন্যদের কোনো সুযোগই দেননি মাহমুদা খাতুন ও পান্না ঘোষ। উদ্বোধনী জুটিতেই কাজ সেরে ফেলেন দু'জনে। মাহমুদা ২৭ ও পান্না ২২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে লড়াইয়ের আভাস দিয়েছিল ওরিয়েন্ট। রান তোলার গতি বাড়াতে না পারলেও উইকেট ধরে রেখেছিল। কিন্তু শেষের দিকে দ্রুত উইকেট হারানোয় আর লড়াইয়ের পুঁজি গড়া হয়নি তাদের।
সর্বোচ্চ ২৫ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া নাজনীন ১৯ রানে করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
শেখ জামালের পক্ষে শরিফা খাতুন ৩ উইকেট নেন ৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০২৭ ঘ.
bdnews24