ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে জিতেছে গুলশান ইয়ুথ ক্লাব। দিনের অন্য খেলায় দিপালী যুব সংঘকে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব।
ইন্দিরা রোড ক্রীড়া চক্র-গুলশান ইয়ুথ ক্লাব
বি গ্র"পের খেলায় শনিবার ইন্দিরা রোডকে ১২৩ রানে হারায় গুলশান ইয়ুথ। ভেজা মাঠের কারণে খেলার দৈর্ঘ্য কমে আসে ৩২ ওভারে।
টস জিতে ব্যাট করতে নেমে তাজিয়া আক্তারের অর্ধশতকের সুবাদে গুলশান ৯ উইকেটে ২১৯ রান করে। জবাবে ৯ উইকেটে ৯৬ রানে থামে ইন্দিরা রোডের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারের মধ্যে ৮ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায় ইন্দিরা রোড। গুলশানের বোলারদের আঁটোসাটো বোলিংয়ে রান তোলতে বেশ সংগ্রাম করতে হয়েছে ইন্দিরা রোডের।
দলের তিনজন পৌঁছেন দু'অঙ্কে। কিন্তু এদের কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেন নি। শারমীন আখতার ১৬, জান্নাতুল ফেরদৌস ১৩ রান করেন। এছাড়া ইসরাত জাহান ১৪ রানে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ৩৪ রান আসে অতিরিক্ত খাত থেকে।
গুলশানের পক্ষে তাজিয়া ৩ উইকেট নেন ১১ রানে। এছাড়া হালিমা আক্তার ২ উইকেট নেন ২০ রানে।
এর আগে ষষ্ঠ উইকেটে পিঙ্কি সানোয়ার ও তাজিয়া ৭৯ রান যোগ করে গুলশানকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন। দলীয় ১৭২ রানে পিঙ্কি বিদায় নিলেও অবিচল ছিলেন তাজিয়া। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে তাজিয়া করেন ৫৭ রান। তার ৫৫ বলের ইনিংসে রয়েছে ৪টি চার। এর আগে উদ্বোধনী জুটির দৃঢ়তায় ভালো সূচনা করে গুলশান। হালিমা (১৫) ও হ্যাপী সানোয়ার (৪২) উদ্বোধনী জুটিতে করেন ৫৬ রান।
ইন্দিরার পক্ষে কিরণ ৩ উইকেট নেন ৪৫ রানে।
আজাদ স্পোর্টিং ক্লাব-দিপালী যুব সংঘ
সিটি ক্রিকেট গ্রাউন্ডে এ গ্র"পের খেলায় দিপালী যুব সংঘকে ১৮ রানে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। ভেজা মাঠের কারণে খেলার দৈর্ঘ্য কমে আসে ৩৫ ওভারে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিপালী। ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৭ রান করে আজাদ। জিবাবে ৩৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে দিপালী।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে দিপালী। পঞ্চম উইকেট জুটি খেলায় ফেরার পথ দেখায় দিপালীকে। রিফাত আরা ও হেলেনা খাতুন যোগ করেন ৩৮ রান।
রিফাত করেন ২২ রান। ২২ রান করেন হেলেনাও। এ দুজনের বিদায়ের পর দলকে লড়াইয়ে রাখেন সোহেলি সুলতানা। কিন্তু অন্যপ্রান্ত থেকে সেভাবে সহায়তা না পাওয়ায় তিনি কেবল পরাজয়ের ব্যবধানই কমান। তার ব্যাট থেকে আসে ২৭ রান।
আজাদের পক্ষে ২টি করে উইকেট নেন সাথিরা জাকির, পাপিয়া বাবু ও চম্পা চাকমা।
এর আগে সাথিরার ৪২, রিতু মনির ২১, ফাতেমা তুজ জোহরার ২০ রানের সুবাদে ১৬৭ রান করে আজাদ। সর্বোচ্চ ৪৬ রান আসে অতিরিক্ত খাত থেকে।
রিফাত ২ উইকেট নেন ৩৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩১ ঘ.
bdnews24