২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিকে হারালো পাঞ্জাব

কোচি টাস্কার্স কেরালাকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তখনো হাতে ছিল ৭ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 06:31 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোচি টাস্কার্স কেরালাকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তখনো হাতে ছিল ৭ বল। ১১ খেলায় এটি পাঞ্জাবের পঞ্চম জয়। এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় দলটি উঠে এসেছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে ১২ খেলায় এটি কোচির ষষ্ঠ হার। এর ফলে দলটি নেমে গেছে সপ্তম স্থানে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৭তম খেলায় শুক্রবার ইন্দোরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ব্যাট করতে নেমে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৭৮ রান করে কোচি। জবাবে দিনেশ কার্তিকের অর্ধশতকের সুবাদে ১৮ ওভার ৫ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৭৯ ছাড়িয়ে ১৮১ রানে পৌঁছে যায় পাঞ্জাব। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাঞ্জাবের। পাঁচ ওভারের মধ্যেই ৩১ রানে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান পল ভালথাটি (১৭) ও গিলক্রিস্ট (৯)। প্রাথমিক ধাক্কা সামাল দেয়াই শুধুই নয়, তৃতীয় উইকেট জুটিতে কার্তিক ও শন মার্শ ১১১ রান তুলে দলকে নিয়ে আসেন জয়ের পথে। এক পর্যায়ে ৩৬ বলে জয়ের জন্য ৩৭ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। কিন্তু ১৫তম ওভারের প্রথম বলে কার্তিক (৬৯) ও শেষ বলে মার্শ (৪২) বিদায় নিলে হোঁচট খায় পাঞ্জাব। কার্তিকের ৩৩ বলের ইনিংসে রয়েছে ৭টি চার ও ৫টি ছয়। মার্শ তার ৩০ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে। শেষ পর্যন্ত ডেভিড হাসি ও মানদীপ সিং দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। হাসি ২১ ও মানদীপ ১৫ রানে অপরাজিত ছিলেন। কোচির পক্ষে আরপি সিং ৪ উইকেট নেন ২৫ রানে। এর আগে কোচির ব্রেন্ডন ম্যাককালাম ও মাহেলা ৮ ওভার ৪ বলে ৯৩ রানের শক্ত ভিত্তি গড়ে দেন দলকে। ৩২ রান করে ম্যাককালাম বিদায় নিলেও অবিচল থাকেন জয়াবর্ধনে। ম্যাককালাম তার ২৭ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছয় মারেন। শেষ ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে মাহেলা করেন ৭৬। তিনি তার ৫২ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ২টি ছয় দিয়ে। এছাড়া ওয়াইজ শাহ ২৩ ও রবীন্দ্র জাদেজা ১৭ রান করেন। পাঞ্জাবের পক্ষে বিপুল শর্মা ২ উইকেট নেন ৩২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০০৫ ঘ.