২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিন ঢাকা ও রাজশাহী সমানে সমান

জাতীয় ক্রিকেট লিগের চূড়ান্ত খেলার প্রথম দিন প্রথম পালায় ঢাকা বিভাগ ২৮০ রান করেছে। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে রাজশাহী বিভাগ করেছে ২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 03:32 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের চূড়ান্ত খেলার প্রথম দিন প্রথম পালায় ঢাকা বিভাগ ২৮০ রান করেছে। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে রাজশাহী বিভাগ করেছে ২। রাজধানীর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১২তম জাতীয় ক্রিকেট লিগের চূড়ান্ত খেলায় মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। পাঁচ দিনের খেলার প্রথম দিনের শুরুতেই বিপদে পড়ে ঢাকা। প্রথম চার ব্যাটসম্যানের দু'জন রনি তালুকদার ও মেহরাব হোসেন (ছোট) রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে। এক পর্যায়ে ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর ছোট ছোট জুটি গড়ে লড়াই করার মতো পুঁজি আদায় করে নেয় ঢাকা। আনামুল হক (৪৯) ও মোহাম্মদ আশরাফুল (৪০) শুরু করেন প্রতিরোধের প্রাথমিক পর্ব। পরে এতে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ ও ইলিয়াস সানি। শেষের দু'জন অর্ধশতকে পৌছেই বিদায় নেন। সবচেয়ে বেশি ৫৭ রান আসে রিয়াদের ব্যাট থেকে। তার ৮৫ বলের ইনিংসে রয়েছে ৭টি চার। দলীয় ১৬৯ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রিয়াদ বিদায় নেয়ার পর লেজের দিকের ব্যাটসম্যানদের নিয়ে দলকে টানতে থাকেন সানি। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৫৫ রান। তিনি তার ১০৭ বলের ইনিংসাট সাজান ৬টি চার দিয়ে। এছাড়া অধিনায়ক মোহাম্মদ শরীফ করেন ২২। রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ও সাকলায়েন সজীব নেন ৩টি করে উইকেট। এজন্য রেজা দেন ৪১ রান। সজীব ৯২। জবাবে নিজেদের প্রথম পালায় এক ওভার ব্যাট করে রাজশাহী কোনো উইকেট না হারিয়ে ২ রান করে। জুনায়েদ সিদ্দিক ১ রানে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে এখনো রানের খাতা খোলেননি জহুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১২২ ঘ.