ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে কলকতা নাইট রাইডার্স। তখনও হাতে ছিলো ১৬ বল।
৮ খেলায় এটি কলকাতার পঞ্চম জয়। অন্যদিকে ৬ খেলায় এটি পাঞ্জাবের তৃতীয় পরাজয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৭তম খেলায় শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভির।
ব্যাট করতে নেমে কলকাতার আঁটোসাটো বোলিংয়ে ৬ উইকেটে ১১৯ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভার ২ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১২০ রানে পৌঁছে যায় কলকাতা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। দলীয় ৫ রানে বিদায় নেন জ্যাক ক্যালিস (১)। বেশিক্ষণ টেকেননি অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ন মর্গানও । তবে দলীয় ৩৫ রানে সাজঘরে ফেরার আগে দলের রান রেট বেশ বাড়িয়ে দিয়ে যান তিনি। ১৫ বলে ৬ চারের সাহায্যে করেন ২৮ রান।
৫ ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও গম্ভির ও মনোজ তিওয়ারীর দৃঢ়তায় সহজ জয় পেয়েছে কলকাতা। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে এ দুজন যোগ করেন ৮৫ রান।
শেষ পর্যন্ত গম্ভির ৪৫ ও তিওয়ারি ৩৪ রানে অপরাজিত ছিলেন। গম্ভির তার ৪৪ বলের ইনিংস সাজান ৪টি চার দিয়ে। অন্যদিকে তিওয়ারির ৪১ বলের ইনিংসে রয়েছে ৩টি চার ও ১টি ছয়।
পাঞ্জাবের পক্ষে ভারগভ ভাট ২ উইকেট নেন ২২ রানে।
এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাবকে রান তোলতে বেশ লড়াই করতে হয়েছে। কলকতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে রান পাননি পাঞ্জাবের ব্যাটসম্যানরা।
এক পর্যায়ে ৯ ওভার ২ বলে ৫৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। দলকে আরো বড় বিপদ থেকে রক্ষা করেন দিনেশ কার্তিক। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৪২ রান। তার ৪২ বলের ইনিংসে ৪টি চারের মার রয়েছে।
এছাড়া অধিনায়ক গিলক্রিস্ট করেন ২৬ রান।
কলকাতার পক্ষে ইকবাল আব্দুল্লাহ ২ উইকেট নেন ১৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/২৩৩২ ঘ.
bdnews24