২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে: সিডন্স

সত্যিকারের ক্রিকেট জাতি হতে হলে বাংলাদেশকে সঙ্কীর্ণ রাজনীতি ও সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করনে জেমি সিডন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্যিকারের ক্রিকেট জাতি হতে হলে বাংলাদেশকে সঙ্কীর্ণ রাজনীতি ও সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করনে জেমি সিডন্স। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, "প্রত্যেকেই জানে কি করা উচিৎ কিন্তু তেমনটি হয় না। এখানে সমস্যা টাকার না কি তারা করে না সে ব্যাপারে আমি খুব একটা নিশ্চিত নই। আমি সম্ভবত আমার যা বলার তার চেয়ে বেশি বলেছি। সেটাই হয়তো আমার বিদায়ের কারণ।" বিদায় নিলেও বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চান সিডন্স। তিনি বলেন, "আমি চাই বাংলাদেশ ভালো করুক, আরো উন্নতি করুক। জানি কেন যতটা করা দরকার ততটা হচ্ছে না। আশা করি আরো অনেকে আমার কথা শুনবে।" বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স অস্ট্রেলিয়ায় ফেরার পর বৃহস্পতিবার তার এ সাক্ষাৎকার প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো। বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষে সিডন্সের চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৭ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ দলের দায়িত্ব নেন এই অস্ট্রেলীয় কোচ। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তার অনমনীয় দৃষ্টিভঙ্গী বিদায়ের অন্যতম কারণে বলে মনে করেন সিডন্স। আলোচনায় তিনি অস্ট্রেলিয়া আর বাংলাদেশের ক্রিকেটের পার্থক্যটাও টেনেছেন, "অস্ট্রেলিয়ায় ভুল কিছু হলে আমরা তা নিয়ে কাজ করি। তবে এখানে [বাংলাদেশে] ঠিক তেমনটা হয় না। ঠিক লোকের সঙ্গে কাজ করতে হয়।" বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তাদের অন্যদেশগুলোর ক্রিকেট প্রশাসন থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানিয়েছেন সিডন্স। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার বদলে বাংলাদেশের ক্রিকেট চার বছরের রাজনীতি-সংশ্লিষ্ট কর্মপরিকল্পনায় ঘুরপাক খায়। "আমার মনে হয় তাদের অন্য প্রশাসনগুলো অনুসরণ করা উচিৎ। একটা পরিকল্পরন নিয়ে কিছুদিন চালিয়ে দেখা দরকার কেমন কাজ করে। সঠিক ব্যক্তিতে সঠিক জায়গায় দায়িত্ব দেওয়া প্রয়োজন।" একাডেমি, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলগুলোকে শুরু থেকেই বিদেশি কোচের অধীনে রাখা উচিৎ বলে মত দেন সিডন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রান করার পরও বাংলাদেশের ক্রিকেট অনেকদূর এগিয়েছে বলে মনে করেন সিডন্স। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "ছয় খেলার মধ্যে দু'টোতে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেননি। চারটিতেই এসেছে দু'শ'রও বেশি রান। গত বিশ্বকাপে ৯ খেলার মধ্যে তিনটিতে দু'শ'র ওপর রান করেছিল বাংলাদেশ।" বাংলাদেশের ব্যাটিং ভালো হয়েছে বলে মনে করেন সিডন্স। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৫ বার সবচেয়ে বেশি রান তাড়া করে প্রতিপক্ষকে জিততে হয়েছে। দেশে ফেরার পর সিডন্স অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নতুন চাকরি খুঁজছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/১৮০৬ ঘ.