ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজের চতুর্থ খেলায় বাংলাদেশ 'এ' দলকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ'। তখনও হাতে ছিলো ৩৮ বল।
এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
পচেফস্ট্রমে বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক জ্যাক রুডলফ। ব্যাট করতে নেমে নাদিফ চৌধুরী ও নাসির হোসেনের অর্ধশতকের সুবাদে ৮ উইকটে ২১৮ রান করে বাংলাদেশ এ। জবাবে ইমরান খানের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৪৩ ওভার ৪ বলে জয়ের লক্ষ্য ২১৯ ছাড়িয়ে পৌঁছে যায় ২২১ রানে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ব্যাট করতে নামা ৬ ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন হেইনু কুন (৯) ব্যর্থ হন দু'অঙ্কে পৌঁছতে। এছাড়া বাকি ৫ ব্যাটসম্যানের সবাই করেন ত্রিশের উপরে।
অসমাপ্ত পঞ্চম উইকেটে ইমরান ও ভ্যান জার্সভেল্ড ৬৯ রান যোগ করে দলকে সহজ জয় এনে দেন। শেষ পর্যন্ত ইমরান ৫৮ রানে অপরাজিত ছিলেন। তিনি তার ৮৪ বলের ইনিংসটি সাজান ৫টি চারের সাহায্যে।
অন্যাপ্রান্তে জার্সভেল্ড ৪২ রানে অপরাজিত ছিলেন। তার ৪২ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছয় রয়েছে।
এছাড়া লুটস বসম্যান ৩৩, রুডলফ ৩০ ও ডিন এলগার ৪১ রান করেন।
বাংলাদেশ এ দলের পক্ষে ফরহাদ রেজা ২ উইকেট নেন ৩২ রানে।
এর আগে ব্যাট করতে নেমে ৩২ ওভারে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বেশ ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ এ। সপ্তম উইকেটে নাদিফ ও নাসির ১০৩ রান যোগ করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
দলীয় ১৯১ রানে নাদিফ (৬৪) বিদায় নিলেও অবিচল ছিলেন নাসির। নাদিফ তার ৭৫ বলের ইনিংসে ৬টি চার ১টি ছয় মারেন।
শেষ বল অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে নাসির করেন ৬৬ রান। তার ৬০ বলের ইনিংসে রয়েছে ১১টি চারের মার।
দক্ষিণ আফ্রিকা এ দলের পক্ষে কাইল আবুত ও এথি ভালাতি ২টি করে উইকেট নেন। এ জন্য আবুত দেন ৩৪ রান। ভালাতি ৪৭।
শুক্রবার দু দল সিরিজের শেষ খেলায় মাঠে নামবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩১ ঘ.
bdnews24