ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগকে এক ইনিংস ও ১৫৭ রানে হারিয়েছে রাজশাহী বিভাগ। অন্য খেলায় ড্র করেছে বরিশাল ও সিলেট বিভাগ।
৫ উইকেটে ৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ঢাকা গুটিয়ে যায় ৮১ রানে। ঢাকার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে মেহরাব হোসেন (ছোট) যা একটু লড়াই করেছেন। তার ব্যাট থেকে এসেছে সবচেয়ে বেশি ৩৫ রান।
এছাড়া উত্তম সরকার করেন ১৬। ষষ্ঠ উইকেট জুটিতে মেহরাব ও উত্তম সর্বোচ্চ ৩১ রান যোগ করেন দলের সঙ্গে।
রাজশাহীর পক্ষে দেলোয়ার হোসেন ৩ উইকেট নেন ২১ রান।
ঢাকা প্রথম ইনিংসে করে ২১৭ রান। জবাবে ৬ উইকেটে ৫৩২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে রাজশাহী।
এদিকে ব্যাটে-বলে অলক কাপালী চমৎকার খেলার পরও তার দল সিলেট ড্র করেছে বরিশালের সঙ্গে। ৫ উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বরিশাল। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। এতে সব মিলে ৩১১ রানে এগিয়ে যায় দলটি।
বরিশাল প্রথম ইনিংসে করে ২৫৭ রান। জবাবে সিলেট করে ২৫২।
জেতার জন্য ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ২১১ রান করে সিলেট। সর্বোচ্চ ৯২ রান আসে কাপালীর ব্যাট থেকে। এছাড়া তাসামুল হক ৩৯ রানে অপরাজিত থাকেন।
বরিশালের পক্ষে আরাফাত সালাউদ্দিন ২ উইকেট নেন ২৯ রানে।
পয়েন্ট তালিকার শীর্ষ দল রাজশাহী ও দ্বিতীয় দল ঢাকার মধ্যে পাঁচ দিনের চূড়ান্ত খেলা শুরু হবে ২৯ এপ্রিল। খেলা হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রাজশাহীর মোট পয়েন্ট ৯৬। আর ঢাকার ৮০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১৮ ঘ.
bdnews24