২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো পাকিস্তান

সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 02:52 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়। টস জিতে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার বুশেজো স্টেডিয়ামে লেন্ডল সিমন্সের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ১৪৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ৭ ওভারে ৪৯ রান তোললেও সাজঘরে ফিরে আসেন দলের চার ব্যাটসম্যান। এর মধ্যে আসাদ শফিকের ব্যাট থেকে আসে ২৫ রান। একদিকে ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা চলতে থাকলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন ওমর আকমল। দলীয় ১০৯ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে তিনি বিদায় নেয়ার পরেই মূলত পাকিস্তানের আশা শেষ হয়ে যায়। আকমল ৪১ বলে খেলেন ৪১ রানের দায়িত্বশীল এক ইনিংস। তার ইনিংস ৪টি চারের মার রয়েছে। ১৯তম ওভারে ১২৩ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর সাঈদ আজমলের অপরাজিত ২১ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে কেবল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ৪ উইকেট নেন ১৭ রানে। রবি রামপাল ৩ উইকেট নেন ৩১ রানে। এর আগে ব্যাট করতে নেমে ২ রানে উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় উইকেটে সিমন্স ও ড্যারেন ব্র্যাভো ৯৯ রানের জুটি গড়লে ওই চাপ চলে আসে সফরকারীদের কাঁধে। দলীয় ১০১ রানে ব্র্যাভোকে (৪২) বিদায় করে এ জুটি ভাঙ্গেন আব্দুর রেহমান। ব্র্যাভো তার ৩৩ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে। ১৩ রান পরে তাকে অনুসরণ করেন সিমন্স। রান আউটের খড়গে পড়ে সাজঘরে ফেরার আগে তিনি করেন ৬৫ রান। তার ৪৪ বলের ইনিংসে রয়েছে ৭টি চার ও ২টি ছয়। এ দুজন বিদায় নেয়ার পর ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটসম্যান সেভাবে পাকিস্তানের বোলারদের উপর চড়াও হতে না পারায় স্বাগতিকরা ৭ উইকেটে ১৫০ রানে থামে। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন রেহমান, ওয়াহাব রিয়াজ ও সাঈদ আজমল। এ জন্য রেহমান দেন ২২ রান। রিয়াজ ২৪। আজমল ৩৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৮৩৫ ঘ.