ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেমি সিডন্সের অধীনে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে বলে মনে করছেন আ হ ম মুস্তফা কামাল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্সের বিদায় অনুষ্ঠানে বিসিবি সভাপতি কামাল বলেন, "কোনো সন্দেহ নেই তার সময়ে আমাদের ক্রিকেট অনেকদূর এগিয়েছে। আমাদের অনেক সাফল্যের পিছনেই রয়েছে তার অবদান।"
বিদায়ী কোচের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কামাল।
"দেড় বছর তাকে আমি পেয়েছি, এ এক দারুণ অভিজ্ঞতা। আমাদের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে তার সময়ে। ক্রিকেটাররা অনেক কিছু শিখেছে তার কাছ থেকে।"
অনেক সময়ই মত পার্থক্য হয়েছে সিডন্সের সঙ্গে বলেছেন কামাল। তবে শেষ পর্যন্ত যৌক্তিক সমাধানে পৌঁছতে পেরেছেন বলেও জানান তিনি।
একেবারেই সাদামাটাভাবে বিদায় অনুষ্ঠানে আসা সিডন্স বিসিবি সভাপতির সুরে সর মিলিয়ে বলেন, বাংলাদেশকে কখনো ভুলতে পারবেন না। এখানে দারুণ সময় কেটেছে তার।
বিদায় বেলায়ও শিষ্যদের পাশে দাড়িয়েছেন সিডন্স। বিশ্বকাপ ব্যর্থতাকে দেখছেন বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই।
"অধিকাংশ খেলোয়াড় নিজেদের প্রমাণ করেছে। স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই ভালো। বিশ্বকাপে ক্রিকেটারদের দুটো বাজে দিন গেছে।"
বাংলাদেশের ক্রিকেট অনেক উন্নতি করেছে মানেন সিডন্স। বাংলাদেশকে দেখেন একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে। তবে সেই সঙ্গে এও মনে করিয়ে দিতে ভুলেননি উন্নতির এখনো অনেক জায়গা রয়ে গেছে।
"বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খুব শক্ত প্রতিপক্ষ। তবে একাডেমি দল, 'এ' দলের পারফর্ম্যান্সও প্রমাণ করে এখনো উন্নতির অনেক জায়গা রয়ে গেছে।"
সাকিব আল হাসান, তামিম ইকবালের চেয়েও ভালো ক্রিকেটার পাবে বাংলাদেশ বিশ্বাস করেন সিডন্স। বিসিবি ও একাডেমি দলের নতুন কোচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের বের করে আনা।
"বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, 'ড্যাশিং' তামিমের চেয়েও ভালো ক্রিকেটার পেতে পারে বাংলাদেশ। তবে সে জন্য বিসিবি ও একাডেমিকে অনেক দায়িত্ব নিতে হবে। একাডেমি দলের নতুন কোচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই।"
অনেক সময়ই মত পার্থক্য হলেও সব সময় পছন্দ মতো দল দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন নির্বাচকদের।
বিদায়ী অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ, বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, বিসিবির পরিচালক গাজী আশরাফ লিপু, জাতীয় দলের ম্যানেজার তানজীব আহসান সাদ, ফিজিও মাইক হেনরি, ট্রেনার গ্রান্ট লুদেন উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ২৮ অক্টোবর জাতীয় দলের দায়িত্ব নেন সিডন্স। বিসিবির সঙ্গে তার চুক্তি ছিলো আগামী ৩০ জুন পর্যন্ত। ১২ এপ্রিল বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড সিডন্সের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে একমত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৫ ঘ.
bdnews24