ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কার মুখে পড়েছে জিপি-বিসিবি একাডেমি দল।
তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের গড়া ৫৮১ রানের জবাব দিতে গিয়ে স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হাতে নিয়ে ১৬৩ রানে পিছিয়ে আছে।
দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে দলের প্রথম ৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে প্রচণ্ড চাপে পড়ে জিপি-বিসিবি একাডেমি দল। তবে সপ্তম উইকেটে আলাউদ্দিন বাবু ও মাইশুকুর রহমান ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে আরো বড় বিপদের হাত থেকে রক্ষা করেন।
তাদের দৃঢ়তায় ৫ উইকেটে ২০০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে জিপি-বিসিবি একাডেমি দল।
বাবু ২৩ ও মাইশুকুর ২১ রান নিয়ে ব্যাট করছেন। চতুর্থ দিনে এ দুজনের দিকেই তাকিয়ে থাকবে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিন জন রনি তালুকদার ৪৮, শুভগত হোম চৌধুরী ৪৭ ও মমিনুল হক ৩৩ শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেন নি।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া হারডোস ভিলিওন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ৩৯ রান দিয়ে।
এর আগে ৫ উইকেটে ১৩১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা জিপি-বিসিবি একাডেমি দল নিজেদের প্রথম ইনিংসে তোলে ২১৮ রান।
আগের দিন ৫১ রানে অপরাজিত মমিনুল তৃতীয় বেশিক্ষণ টেকেননি উইকেটে। দলীয় ১৬৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। মমিনুল তার ১১৮ বলে ৭৬ রানের ইনিংস সাজান ১৩টি চার দিয়ে।
অন্য অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান পান অর্ধশতকের দেখা। অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৬২ রান।
৫টি করে উইকেট ভিলিওন ও ড্যান প্যাটারসন। এ জন্য ভিলিওন দেন ৭১ রান। পেটারসন ৭৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৪ ঘ.
bdnews24