২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার সহজ জয়

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তখনো হাতে ছিল ৩৭ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তখনো হাতে ছিল ৩৭ বল। কোলকাতার ইডেন গার্ডেন্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম খেলায় রান তাড়া করতে গিয়ে ১৩ ওভার ৫ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ৮২ টপকে ৮৫ রানে পৌঁছে যায় কলকাতা। এর আগে টস জিতে কলকাতা ব্যাট করতে পাঠায় রাজস্থানকে। বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ১৫ ওভার ২ বলে ৮১ রানে গুটিয়ে যায় রাজস্থানের পালা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান জমা না হতেই সাজঘরের পথ ধরেন উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যালিস। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মানবিন্দর বিসলা বিদায় নেন ৯ রান করে। তখন দলের রান ছিল ৩১। এরপর আর হোঁচট খেতে হয়নি কলকতাকে। অধিনায়ক গৌতম গম্ভির ৩৫ বলে ৩৫ ও মনোজ তিওয়ারি ২৬ বলে ৩০ রান করে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। রাজস্থানের পক্ষে উইকেট দু'টো ভাগাভাগি করে নেন অধিনায়ক শেন ওয়ার্ন ও শন টেইট। এ জন্য ওয়ার্ন দেন ১৭ রান। টেইট ২৯। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থানের উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন সাজঘরে ফেরেন দলীয় ২৪ রানের মাথায়। এরপর শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। দলের পক্ষে সবচেয়ে বেশি ২১ রান করেন অশোক মেনারিয়া। এছাড়া অমিত পাউনিকার ১৫ এবং ১১ করে রান করেন ওয়াটসন ও অভিষেক রাউত। কলকাতার বোলারদের মধ্যে লক্ষ্মীপতি বালাজি ৩ উইকেট নেন ১৫ রানে। আর ২১ রানে ২ উইকেট নেন সাকিব আল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩৩৪ ঘ.