২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং কোচ খুঁজছে পিসিবি

ব্যাটিং কোচ খুঁজছে পাকিস্তান। এ জন্য সে দেশের ক্রিকেট বোর্ড দুই বিদেশির সঙ্গে আলোচনাও করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিং কোচ খুঁজছে পাকিস্তান। এ জন্য সে দেশের ক্রিকেট বোর্ড দুই বিদেশির সঙ্গে আলোচনাও করছে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক টেস্ট অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মিয়াঁদাদ তা প্রত্যাখান করেন। পিসিবি প্রধান ইজাজ বাট দুই বিদেশির সঙ্গে আলোচনা করার কথা স্বীকার করে বলেন, "আমরা দুই বিদেশির সঙ্গে আলোচনা করছি। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। তাই তাদের নাম বলছি না।" পাকিস্তান দলের ব্যাটিং কোচ হতে তারা দু'জনই আগ্রহী বলে ইজাজ জানান। তবে পিসিবি প্রধান একথাও স্বীকার করেন যে বিদেশি কোচ নিয়োগ দেয়ার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেশের নিরাপত্তা পরিস্থিতি। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা দীর্ঘদিন পাকিস্তানে থাকতে চান না। বিদেশ সফরের সময় তারা দলের সঙ্গে যোগ দিতে চান বলে জানিয়ে ইজাজ বলেন, মুলত বিদেশেই তারা ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে চান। ক্রিকেটারদের জন্য একজন ব্যাটিং কোচ দরকার বলে দলের কর্মকর্তা এবং নির্বাচকরা মনে করছেন, তাই বোর্ড একজন কোচ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। বিদেশি কোচ নিয়োগ দেয়ার প্রতি প্রধান কোচ ওয়াকার ইউনুসেরও সমর্থন রয়েছে। এর আগে পিসিবি সাবেক ইংল্যান্ড অধিনায়ক জিওফ বয়কটকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছিল। লাহোরে এসে কাজও শুরু করেছিলেন তিনি। তবে কিছুদিন পরই তিনি দেশে ফিরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০১ ঘ.