ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে হঠিয়ে শীর্ষ অলরাউন্ডারের স্থানটি নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাকিব ওয়াটসনের চেয়ে ৪৪ পয়েন্ট পেছনে পড়েছেন।
একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবেও সাফল্য পেয়েছেন ওয়াটসন। ব্যাটসম্যানদের তালিকায় নয় ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন তিনি।
কয়েক দিন আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে ওয়াটসন রান করেন ২৯৪। এর মধ্যে দ্বিতীয় খেলায় ১৫টি ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ৯৬ বলে অপরাজিত ১৮৫ রান করেন তিনি। এছাড়া তিন উইকেটও নেন সিরিজে।
এর আগে একদিনের ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আর কোনো ব্যাটসম্যান হাঁকাননি। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের জাভিয়ের মার্শালের। তিনি কানাডার বিপক্ষে ১২টি ছক্কা মারেন।
চার ও ছক্কা মেরে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডও কেড়ে নেন ওয়াটসন হার্শেল গিবসের কাছ থেকে। গিবস ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৫ রান করার পথে চার ও ছক্কার সাহায্যে ১২৬ রান সংগ্রহ করেছিলেন।
এদিকে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলেও একদিনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে শীর্ষ দল হিসেবে রয়ে গেছে অস্ট্রেলিয়া। আর টেস্টে শীর্ষ দলের স্থানটি যথারীতি ধরে রেখেছে ভারত। এ জন্য উভয় দলই পেয়েছে ১,৭৫০০০ ডলার করে।
একদিনের ক্রিকেট দল হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর টেস্টে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে। এ জন্য উভয় দলই পেয়েছে ৭৫০০০ ডলার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৩৭ ঘ.
bdnews24