ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশের বিপক্ষে ৯৬ বলে ১৮৫ রানের হার না মানা ইনিংস খেলার পথে ১৫টি ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েন ওয়াটসন।
এটি ওয়াটসনের ক্যারিয়ার সেরা ইনিংস। এছাড়া এটি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসও।
এর আগে এই রেকর্ডটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের জ্যাভিয়ার মার্শালের। তিনি ২০০৮ সালের ২২ আগস্ট কানাডার বিপক্ষে ১১৮ বলে ১৫৭ রানের হার না মানা ইনিংস খেলার পথে ১২ ছক্কা হাঁকিয়ে ভাঙ্গেন সনাৎ জয়াসুরিয়া ও শহিদ আফ্রিদির ১১ ছক্কার রেকর্ড।
১৯৯৬ সালের ২ এপ্রিল সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে ১১টি ছয় মেরে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কার জয়াসুরিয়া। ওই ম্যাচে ৬৫ বলে ১৩৪ রান করেন তিনি।
অবশ্য বদলা নিতে বেশি দিন দেরি করেনি পাকিস্তান। ওই বছরের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ছয় মেরে রেকর্ডে ভাগ বসান আফ্রিদি। ওই ম্যাচে ৪০ বলে ১০২ রান করে তিনি।
এক ইনিংসে ১০টি করে ছয় মারার রেকর্ড আছে পাঁচ জনের।
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০০৫ সালের ৩১ অক্টোবর জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৫ বলে ১৮৩ রানের হার না মানা ইনিংস খেলার পথে মারেন ১০টি ছয়।
২০০৬ সালের ২০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার জিম্বাবুয়ের বিপক্ষে ৬৮ বলে ১৪৭ রানের হার না মানা ইনিংস খেলার পথে হাঁকান ১০টি ছয়। একই প্রতিপক্ষের বিপক্ষে ঠিক এক বছর পর বিশ্বকাপ ম্যাচে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ১৬৬ বলে ১৮১ রানের হার না মানা ইনিংস খেলার পথে মারেন সমান সংখ্যক ছয়।
পরের বছরের ১ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৫ বলে ১৬৬ রান করার পথে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ১০টি ছয় মারেন।
২০১০ সালের ৩১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭২ বলে ১০৯ রানের হার না মানা ইনিংস খেলার পথে ১০টি ছক্কা হাঁকান পাকিস্তানের আব্দুল রাজ্জাক।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড তামিম ইকবালের। ২০১০ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৬ বলে ৯৫ রান করার পথে ৭টি ছয় মারেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৩৭ ঘ.
bdnews24