ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লী ডেয়ারডেভিলসকে সহজেই ৮ উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তখনো হাতে ছিল ১৯ বল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ খেলায় রোববার ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে লাসিথ মালিঙ্গার মারাত্মক বোলিংয়ের মুখে দিল্লীর কোনো ব্যাটসম্যান মোটেও সুবিধা করতে পারেননি। ২০ ওভারের খেলা হলেও ১৭ ওভার ৪ বলে ৯৫ রানেই গুটিয়ে যায় দলটি।
রান তাড়া করতে গিয়ে ১৬ ওভার ৫ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ৯৬ টপকে ৯৯ রানে পৌঁছে যায় মুম্বাই।
দলটির অধিনায়ক শচীন টেন্ডুলকার সামনে থেকেই দলের নেতৃত্ব দেন। ৫০ বলে ৪৬ রানের হার না মানা একটি ইনিংস খেলে দলকে পৌঁছে দেন তিনি জয়ের ঠিকানায়। শচীন তার ইনিংসটি সাজান ৩টি চার ও একটি ছক্কা দিয়ে।
তখন অন্য প্রান্তে ২৭ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা।
তবে শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাইয়ের। দলীয় ১ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ডেভি জ্যাকবস (১) ও ৩১ রানের মাথায় 'ওয়ানডাউন' আম্বাতি রাইয়ুদু (১৪) ফিরে যান সাজঘরে।
এরপর অবশ্য আর হোঁচট খেতে হয়নি মুম্বাইকে।
দিল্লীর বোলারদের মধ্যে মর্নে মরকেল ১ উইকেট নেন ২৯ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লী। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন নামান ওঝা।
এছাড়া বেনুগোপাল রাও ২৬ ও অধিনায়ক বীরেন্দর শেবাগ ১৯ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি।
মুম্বাইয়ের পক্ষে লাসিথ মালিঙ্গা ৫ উইকেট নেন ১৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০৫ ঘ.
bdnews24