২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব'

নিজেদের দিনে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের দিনে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকালে অনুশীলন শেষে মাশরাফি বলেন, "অস্ট্রেলিয়া এখন বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও খুবই শক্তিশালী দল। নিজেদের দিনে তাদেরকেও আমরা হারাতে পারি। তবে প্রত্যাশাটা এমন হলে হবে না। আমাদের প্রত্যাশা ভালো ক্রিকেট খেলা।" বিশ্বকাপে বাংলাদেশের ব্যাপারে আকাশ ছোঁয়া প্রত্যাশার কথা মনে করিয়ে দেয়ার পর মাশরাফি ক্রিকেট প্রেমীদের আরেকটু বাস্তববাদী হওয়ার কথা বলেন। অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখলেও দু'দলের শক্তির পার্থক্যও স্মরণ রাখতে বলেছেন। "অস্ট্রেলিয়া এখনো বিশ্বসেরা দলগুলোর একটি। দলটির ব্যাটিং লাইনআপ ভীষণ শক্তিশালী। প্রায় সবাই রানের মধ্যে আছেন। অধিনায়কত্ব ছাড়ার পর তেতে আছেন রিকি পন্টিং। ভালো করতে হলে বোলারদের খুব ভালো বল করতে হবে" শুধু অস্ট্রেলিয়ার ব্যাটিং নয় বোলিংকেও শক্তিশালী মানছেন তিনি। "অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বিশ্বসেরাগুলোর একটি। বিশ্বকাপেও ভালো করেছে তারা। তবে স্পিন আক্রমণে অভিজ্ঞতার একটু ঘাটতি আছে।" কাগজের কলমে শক্তির ব্যবধান যেমন মাথায় রেখেছেন তেমনি বিশ্বকাপে দলটির খেলা থেকেও বাংলাদেশের সম্ভাবনার জায়গাটিও খুঁজে নিয়েছেন। "স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা খুব একটা ভালো করেনি। অন্যদিকে ব্যাটসম্যানরা রান করলেও বোলারদের কারণে শেষ পর্যন্ত পারেনি তারা। তাদের স্পিনাররা সেভাবে কিছু করতে পারে নি।" বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে বলেছেন, "আমাদের বোলাররা বিশেষ করে স্পিনাররা যথেষ্ট অভিজ্ঞ। বিশ্বকাপেও তারা ভালো করেছেন। মাইক হাসি ছাড়া অস্ট্রেলিয়ার সব ব্যাটসম্যান ডানহাতি হওয়ায় ভালো করার সম্ভাবনা বেশিই।" তবে ম্যাচ জেতাতে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার কথা বললেন তিনি। "ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদের ভালো করতে হবে। পেসারদের কাটিয়ে দিতে পারলে খুব একটা সমস্যা হবে না। স্পিনারদের বিপক্ষে 'রিল্যাক্স' করতে বলছি না, তবে সে সময় ভালো ব্যাট করতে হবে।" অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের একদিনের সিরিজ নিয়ে নানা কথা বললেও এখনো জানেন না শেষ পর্যন্ত তার খেলা হবে কি না। তবে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। কঠোর পরিশ্রম করে চলেছেন। মাঝখানে পারিবারিক সমস্যার কারণে সেভাবে অনুশীলন করা হয়নি। তবে নতুন করে প্রস্তুতি নেয়া শুরু করেছেন। "শেষ ম্যাচে রানআপে কোনো সমস্যা হয়নি। তবে পেস একটু কম ছিলো। তবে আজকে সকালে বল করার সময় পেস নিয়ে সমস্যা হয়নি। ঠিক হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার।" খেলা নিয়ে অনিশ্চয়তার কথা বলার সময় জানিয়েছেন পায়ে জোর একটু কম। নিয়মিত জিম করতে না পারায় পায়ে এ মুহূর্তে জোর কম। এটাই তাকে ভোগাতে পারে বলে মনে করছেন। "পায়ে জোর একটু কম। তবে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। বোলিংয়ে তো আকাশ পাতাল পার্থক্য হবে না। বাড়তি জিম করতে পারলে সমস্যাটা কেটে যেতে পারে।" শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী মাশরাফি। বলেছেন শেষ না দেখে সরে দাঁড়াবেন না। "কোনো কিছুর শেষ না দেখে তো আর সরে যাওয়া যায় না। আমি আত্মবিশ্বাসী। বোলিং খারাপ হওয়ার কোনো কারণ দেখি না। তবে 'স্ট্রেংথ ট্রেনিং' করতে পারলে ভালো হত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯০৯ ঘ.