ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়ার পর আরেকটি অঘটন ঘটাতে চায় নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালের প্রস্তুতি নেয়ার সময় কলম্বোয় এ লক্ষ্যের কথা বলেছেন রস টেলর।
২৯ মার্চ কলম্বোয় প্রথম সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ সেমিফাইনাল খেলার আগে সময়টা উপভোগ করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া রস টেলর বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে নির্ভার হয়ে মাঠে নামবেন তারা।
"অধিকাংশ সময় আমাদের 'আন্ডারডগ' হিসেবে বিবেচনা করা হয়। ব্যাপারটা আমরা একরকম উপভোগই করি। আমরা জানি অনেক দলই আশা করে তারা আমাদেরকে হারাবে। চাপটা তাদের উপরেই থাকে।"
বিশ্বকাপেও 'আন্ডারডগ' তকমা গায়ে লেগে থাকার সুফল পাচ্ছেন বলে মন্তব্য করেছেন টেলর।
"আমার মনে হয়না খুব বেশি মানুষ আমাদের সম্ভাবনা কথা মাথায় রাখে। এ কারণে অনেক সময়ই আমাদের হাল্কাভাবে নেয়া হয়।"
তবে এরপরেও মঙ্গলবার কঠিন লড়াই হবে বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে ভারতে গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় শ্রীলঙ্কার কাছে ১১২ রানে হেরেছিলো নিউজিল্যান্ড। এবার নিজের মাটিতে শ্রীলঙ্কা আরো সুবিধা পাবে বলে মনে করেছেন রস টেলর। তবে পিছিয়ে রাখছেন না নিজের দলকেও।
"এটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষ ম্যাচের পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। গ্র"প পর্বের খেলাটা এবার কাজে লাগবে। ওই ম্যাচে আমরা কিছু ভুল করেছিলাম, আশা করি এবার সেগুলো শোধরে নিতে পারবো।"
বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা কী কী ভুল করেছে সেসব নজর এড়ায়নি নিউজিল্যান্ডের। ওই ম্যাচের বিশ্লেষণের পরেই তারা ঠিক করে নিচ্ছেন সেমিফাইনালের কৌশল। দেশকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে নিতে আরেকটি অঘটনের লক্ষ্যে একাট্টা নিউজিল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০০ ঘ.
bdnews24