ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে পাকিস্তানের জন্য অজেয় দল ভারতের ব্যাটিং লাইন-আপ বিশ্বসেরাগুলোর একটি। বিশ্বকাপে তারা রয়েছেন দারুণ ফর্মে। অন্য দিকের পাকিস্তানের ব্যাটসম্যানরা সেভাবে রানে নেই। তার পরেও নিজের দলকে পিছিয়ে রাখছেন না মিসবাহ-উল-হক।
তবে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলতে নামার ব্যাটসম্যানদের 'ফর্ম' নিয়ে ভাবতে হচ্ছে পাকিস্তানকে। ৩০ মার্চ মোহালিতে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান।
অতীত নিয়ে পড়ে না থাকার কথা বলেছেন মিসবাহ। "অতীত নিয়ে পড়ে থেকে লাভ নেই। প্রতিটি ম্যাচই নতুন। প্রতি ম্যাচেই নতুন ফলাফলের সম্ভাবনা থাকে।"
শুধু দলের পরিসংখ্যান নয় দুশ্চিন্তা করছেন না নিজের ব্যাটিং 'ফর্ম' নিয়েও। বিশ্বকাপে ব্যাট হাতে ভালো শুরু করেছিলেন মিসবাহ। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটিও এসেছে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে হার না মানা ৮৩ রানের পর অনেকটাই নিজের ছায়া হয়ে আছেন তিনি।
একা মিসবাহ নন পাকিস্তানের ব্যাটসম্যানরা কেউ সেভাবে রানের মধ্যে নেই। সবার উপরে থাকা উমর আকমলের ব্যাট থেকে এসেছে ২১১ রান। এ রান করে বিশ্বকাপে রান সংগ্রাহকদের তালিকায় তার অবস্থান ২৮ নম্বরে। এছাড়া মিসবাহ ১৯২, কামরান আকমল ১৮৮, ইউনুস খান ১৭২, মোহাম্মদ হাফিজ ১৭২ ও আব্দুল রাজ্জাক ১০১ রান করেন।
সেমিফাইনালের চার দলের মধ্যে একমাত্র পাকিস্তানেরই কোনো শতক নেই। শুধু মাত্র মিসবাহ ও ইউনুসের দুটি করে অর্ধশতক রয়েছে। পাকিস্তানের ব্যাটসম্যানরা সব মিলিয়ে ৯টি অর্ধশতক হাঁকিয়েছেন। পক্ষান্তরে ভারতীয় ব্যাটসম্যানরা ৫টি শতক, ১০টি অর্ধশতক হাঁকিয়েছেন। উমরের চেয়ে বেশি রান করেছেন ভারতের পাঁচজন ব্যাটসম্যান।
ব্যাটসম্যানদের রানের মধ্যে থাকাটাকে জরুরি স্বীকার করে নিলেও মিসবাহ জয়ের মধ্যে থাকাটাকেই গুরুত্বপূর্ণ ব্যাপার হিসেবে মনে করছেন।
"যে দলের ব্যাটসম্যানরা রানের মধ্যে আছে, শতক হাঁকাচ্ছে সে দল নিঃসন্দেহে এগিয়ে, তবে জয়ের ধারায় থাকাটাও কম গুরুত্বপূর্ণ নয়। একটি-দুটি পঞ্চাশের পাশাপাশি কয়েকটি ২০, ৩০ রান জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
দলের ব্যাটসম্যানরা সেভাবে রান পাওয়ার পরও ব্যাটসম্যানদের সমস্যা দেখছেন না মিসবাহ।
"উপমহাদেশের সবখানে সমান রান নেই। কয়েকটি জায়গায় রান পাওয়া খুব কঠিন। তাছাড়া পিচ অনেক স্লো। ধৈর্য্যরেও পরীক্ষা দিতে হয় এখানে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৯ ঘ.
bdnews24