ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কাছে ১০ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কোচ অটিস গিবসন দলের সিনিয়র ব্যাটসম্যানদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম কোয়ার্টার ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে গিবসন বলেন, "দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেনি। তাদের পারফর্মেন্সে আমি মোটেও সন্তুষ্ট নই।"
কতটা অসন্তুষ্ট সেটা জানাতেও কসুর করেন নি তিনি। সরাসরি কারো নাম না বলে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যত নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
দলের ব্যর্থতায় জন্য দায়ী করেছেন ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাবকে। তবে কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানের বোলারদেরকেও। বিশেষ করে শহিদ আফ্রিদিকে।
বলেছেন, "ব্যাটম্যানরা আসলে স্পিনারদের মোকাবেলা করতে পারেনি। আফ্রিদিকে নিয়ে গত রাতে আমরা বেশ ভেবিছি। তবে ওই পরিকল্পনা সফল হয়নি।"
পাকিস্তানের বোলারদের চেয়ে নিজের দলের ব্যাটসম্যানদের ব্যর্থতাই তার চোখে বেশি লেগেছে। "আমাদের প্রধান ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান পায়নি। সিনিয়রদের আরো ক্ষুধার্ত হওয়ার দরকার ছিলো। আমি তাদের ছোট না করেই বলছি শচীন টেন্ডুলকারকে দেখে তাদের শেখা উচিত। তাদের ভালো করার ইচ্ছাটা প্রচণ্ড হতে হবে।"
সরাসরি কারো নাম না বললেও পুরো বিশ্বকাপে নিজেদের ছায়া হয়ে থাকা ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানকেই ব্যর্থতার জন্য প্রধানত দায়ী করেছেন তিনি।
চোটের কারণে ৭ ম্যাচের মধ্যে দুটিতে খেলেন নি গেইল। নেদারল্যান্ডসের বিপক্ষে করেন ৮০ রান। এছাড়া বাকি চার ইনিংসে করেন ৯০ রান। সব মিলিয়ে বিশ্বকাপে ইনিংসে তার রান কেবল ১৭০।
অবশ্য তার চেয়েও অনুজ্জ্বল ছিলেন সারওয়ান। ৭ ইনিংসে কোনো অর্ধশতকও পান নি তিনি। করেছেন কেবল ১৫৫ রান।
নতুনদের উপর বেশ আস্থা আছে জানিয়ে গিবসন বলেছেন, "গত দশ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রায় একই রকম আছে। খেলোায়ড়রাও প্রায় একই। এই প্রতিযোগিতা থেকে আমরা বেশ কিছু তরুণ খেলোয়াড় পেয়েছি।"
এই পরাজয়ের পরেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী গিবসন। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই নিতে চান বদলা।
"আমরা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের দিকে তাকিয়ে আছি। হাতে খুব বেশি সময় নেই। আমরা ওই সিরিজের জন্য ভালো প্রস্তুতি নিতে চাই।"
পরাজয়ের পর উইকেটকে দায়ী করেন নি তিনি। বলেছেন, "এটা খারাপ উইকেট ছিলো না। আসলে আামাদের ব্যাটিং একদমই ভলো হয়নি। আমাদের আত্মবিশ্বাসেও ঘাটতি ছিলো। কারণ শেষ দুটি খেলায় আমরা হেরে গিয়েছিলাম। তবে আমরা অনুশীলনের মধ্যেই ছিলাম।"
কথা বলেছেন দল নির্বাচন নিয়েও। ১২ উইকেট নেয়া সুলায়মান বেনকে বাদ দেয়াটা ভুল ছিলো কিনা সে প্রশ্নও এলো।
গিবসন বলেছেন পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সেরা দলটিকেই নামানো হয়েছিলো। "বেনকে বাদ মনে হয় না ভুল ছিলো। ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়া রবি রামপালকে বাদ দেয়াার কথা ভাবতে পারনি। আন্দ্রে রাসেলকেও বাদ দেয়া বেশ কঠিন ছিলো। দেবেন্দ্র বিশুও অভিষেকে ভলো করেছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২১৯ ঘ.
bdnews24