ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন দিয়ে আক্রমণের সূচনা করতে পারেন বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। সেই সঙ্গে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দলটি খেলেছিল, সেই দল নিয়েই মাঠে নামতে পারেন তিনি।
গ্র"প পর্বের শেষ খেলায় বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে 'এ' গ্র"প থেকে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান এই দলটি নিয়েই।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, "আমরা 'বিজয়ী দলে' কোনো পরিবর্তন আনতে চাই না। এই দল নিয়ে আমি খুশি। তাই দলে পরিবর্তন আনার সম্ভাবনা কম।"
ওয়েস্ট ইন্ডিজকে সমীহের চোখে দেখছেন পাকিস্তান অধিনায়ক। বলেন, তারা খুবই ভালো দল। ভালো খেলেই কোয়ার্টার ফাইনালে উঠেছে।
শের-ই-বাংলায় বুধবার কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ঢাকাসহ উপমহাদেশের সব মাঠকেই নিজেদের মাঠ বলে মনে করেন আফ্রিদি।
বোলিং নিয়ে খুশি হলেও ব্যাটিংয়ে কিছু সমস্যা রয়ে গেছে বলে মনে করেন আফ্রিদি। বলেন, "আমাদের বোলিং খুবই ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে কিছু সমস্যা রয়ে গেছে। আমরা তা দূর করার চেষ্টা করছি।"
ফিল্ডিংয়েও দল ধীরে ধীরে উন্নতি করছে বলে মনে করেন আফ্রিদি। বিশেষ করে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিং অনেক ভালো হয়েছে বলেই মনে করেন তিনি।
বিশ্বকাপে উমর গুলের বোলিংয়ে খুশি আফ্রিদি। এবারের বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে গুল আছেন শীর্ষ উইকেট শিকারীদের তালিকায় ৬ নম্বরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন দিয়ে আক্রমণের সূচনা করেছিলেন আফ্রিদি। উপমহাদেশের উইকেট স্পিন-সহায়ক হওয়ায় আবারো স্পিনারদের হাতে নতুন বল তুলে দেয়ার ইঙ্গিত দেন তিনি।
বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৭টি উইকেট নিয়েছেন আফ্রিদি। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "উপমহাদেশে স্বভাবতই স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। আমি উইকেট লক্ষ্য করে বল করার চেষ্টা করেছি। বোলিংয়ে বৈচিত্র আনতে অনুশীলনের সময় কঠোর পরিশ্রম করেছি। যার ফল আমি পাচ্ছি।"
নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, "দেশ ছাড়ার আগে আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। তবে এখন আর এভাবে ভাবছি না। এখন কোয়ার্টার ফাইনালে জিতে ধাপে ধাপে এগোতে চাই।"
সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে ভারত বা অস্ট্রেলিয়াকে মোকাবিলা করতে হবে পাকিস্তানকে। এটা তাদের জন্য কঠিন হচ্ছে কিনা? এই প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, "আসলে ভালো দলগুলোই কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাই এই দলগুলোর যে কোনোটির বিপক্ষে খেলা অবশ্যই চ্যালেঞ্জের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৮ ঘ.
bdnews24