ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০৬ রানের বিরাট ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। এ হারকে দর্শকরা মনে করছেন মান হারানোর হার।
দক্ষিণ আফ্রিকার ২৮৪ রান তাড়া করতে গিয়ে ১৪ রানের মাথায় তামিম ইকবাল আউট হন। তখনও শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে খুব একটা উদ্বেগ দেখা করা যায়নি।
দলীয় ১৫ রানে ইমরুল কায়েস আউট হওয়ার পর দু-একজন করে দর্শক স্টেডিয়াম ছাড়তে শুরু করে। ২১ রানে শাহরিয়ার নাফিসের উইকেট পড়ার পর অধিকাংশ দর্শকই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের 'নো ম্যানস জোন' ঘোষণার পর স্টেডিয়ামের উত্তরাংশ দিয়ে যারা বের হচ্ছিলেন, তাদের স্টেডিয়ামের মূল গেটের সামনে দিয়ে যেতে দেওয়া হচ্ছিলো না। তাদের মিরপুর দু'নম্বর সেকশনের এইচ ব্লকে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল।
এইচ ব্লকের মধ্যে দিয়ে দর্শকরা যখন হেঁটে যাচ্ছিলেন, তখন আশেপাশের বাড়ি থেকে গৃহিণীরা বলছিলেন, কি রঙ খেলবেন না?
আশেপাশের বাসা থেকে অনেকেই জিজ্ঞেস করছিলেন, কি ভাই কত রানে হারলেন? ওয়েস্ট ইন্ডিজের থেকে বেশি না কম? ভাই কেমন লাগলো খেলা?
ছোট ছোট বাচ্চারা দৌড়ে এসে জানতে চাচ্ছিলো, আঙ্কেল কত রানে হারলো বাংলাদেশ?
বাড়ির সামনে বসে থেকে অভিভাবকরা তাদের সন্তানদের শিখিয়ে দিচ্ছিলেন। আর, তারা এসে ফিরতি পথের দর্শকদের বলছিলো, বাঘ এখন ম্যাঁও হয়ে গেছে।
অপমান, ক্ষোভ আর হতাশায় খেলা দেখতে আসা দর্শকরা কোনো কিছুই যেন শুনতে পাচ্ছিলেন না। নীরবে হেঁটে যাচ্ছিলেন বড় রাস্তার দিকে।
অনেকে আবার গ্যালারিতেই খুলে রেখে এসেছেন বাংলাদেশের জার্সি।
এক রান, এক রান
ক্রিজে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, ২৭ রানে। সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ, ৫ রানে।
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের দক্ষিণ প্রান্ত থেকে শোনা যাচ্ছে- 'এক রান, এক রান, এক রান' স্লোগান। স্কোরবোর্ডের দিকে তাকিয়ে পুরো স্টেডিয়ামের দর্শক এক সঙ্গে চিৎকার করতে থাকলো 'এক রান, এক রান'।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ইনিংস ৫৮ রানে গুটিয়ে দিয়েছিলো। দক্ষিণ আফ্রিকার ২৮৪ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ যখন ৫৮ রান তখনই দর্শকরা এভাবে চিৎকার করতে শুরু করেন।
২১ ওভারের পঞ্চম বলে সাবিক আল হাসান এক রান নিলে বাংলাদেশের রান দাঁড়ায় ৫৮।
২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিলো ৫ উইকেটে ৫৮ রান। স্টেডিয়ামে যে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন ২২ ওভারের শুরু থেকে তারা চিৎকার করতে থাকেন- 'এক রান, এক রান'।
দর্শকদের কটাক্ষ ও চিৎকারের পরও পিটারসনের এই ওভারে কোনো রান হয়নি। বরং ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ।
২২তম ওভার শুরু করেন ইমরান তাহির। এই ওভারের প্রথম বল থেকেই সেই গ্যালারি থেকে একই ধ্বনি আসতে থাকে- 'এক রান, এক রান'। এই ওভারের দ্বিতীয় বলটি সুইপার কভারে ঠেলে দিয়ে বাংলাদেশের অধিনায়ক সাবিক আল হাসান এক রান নেওয়া মাত্রই গ্যালারির দর্শকরা হই হই করে হাততালি দেয়।
'মান রক্ষা পাইতো'
এদিকে দুপুরের প্রখর রোদের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনের সড়ক ছিল কানায় কানায় পরিপূর্ণ। ছিল বাংলাদেশ-বাংলাদেশ স্লোগান মুখর। শুধু রাজু ভাস্কর্যের সড়ক নয়, টিএসসি চত্বর, হাকিম চত্বর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বরসহ পুরো এলাকা লোকে লোকারণ্য ছিল।
কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং শুরু হওয়ার পর একটি করে উইকেট পড়তে থাকে আর একটু একটু করে কমে যেতে থাকে সমর্থকদের ভিড়।
খেলা শেষ হওয়ার পর ক্রিকেটপ্রেমীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
ঢাবির দর্শন বিভাগের ছাত্র নাজমুল আলম শুভ বলেন, দক্ষিণ আফ্রিকার খেলার পর ভেবে নিয়েছিলাম বাংলাদেশ হারবে। তাই বলে এতো বাজে ভাবে হারবে তা আশা করিনি।
কাওরান বাজার এলাকার চায়ের দোকানে একজন চাকরিজীবী গালিব আশরাফ বলেন, বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু এবারের খেলার মাধ্যমে প্রমাণ হলো তাদের থেকে এতো আশা করা ঠিক হয়নি।
ঢাবি শামসুন নাহার হলের ছাত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের ক্ষোভ হারের কারণে নয়, অপমানজনক হারের কারণে।
রিক্সাচালক ভূপেন বলেন, বাংলাদেশ হারছে। তবে কমপক্ষে দুশো কইরতে পাইরতো। তইলে মান রক্ষা পাইতো। তবে বাংলাদেশ তিনটি খেলা জিতছে তা কম কিসের!
এদিকে বাংলাদেশ দল হারার পর ৬-৭ জনের একটি দল 'আমরা এখনো বাংলাদেশকে ভালোবাসি' লেখা প্ল্যাকার্ড নিয়ে টিএসসি এলাকায় হাজির হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ প্রতিনিধি/এসআইএম/ জেএফ/এসএন পিডি/২১৩৫ ঘ.
bdnews24