ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেই 'বি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার। উল্টো ফল হলে কোয়ার্টার ফাইনালের আশা টিকে থাকবে আয়ারল্যান্ডের।
বিশ্বকাপ ক্রিকেটের ৩৪তম খেলা শুরু হবে কলকতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়।
৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে তালিকার তৃতীয় স্থানে। সমান খেলায় ২ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড রয়েছে ছয় নম্বরে।
নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের খেলায় নেদারল্যান্ডসকে হারায় ২৩১ রানে। তৃতীয় খেলায় ইংল্যান্ডের কাছে হারে ৬ রানে। পরের খেলায় ভারতকে হারায় ৩ উইকেটে।
প্রতিপক্ষ আয়ারল্যান্ড নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের কাছে ২৭ রানে হারে। পরের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জেতে ৩ উইকেটে। তৃতীয় খেলায় ভারতের কাছে হারে ৫ উইকেটে। পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ৪৪ রানে।
এখন পর্যন্ত দু'বার খেলেছে আয়ারল্যান্ড ও দক্ষিণ অফ্রিকা। দুটিতেই সহজে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
'এ' গ্র"পের মতো সরল পথে এগোচ্ছে না 'বি' গ্র"প। অঘটন পাল্টে দিয়েছে কোয়ার্টার ফাইনালে খেলার হিসেব নিকেশ। জটিল সমীকরণে এখনো কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে আয়ারল্যান্ড। তবে এ জন্য দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ দুই খেলায় জিততেই হবে।
শুধু নিজেরা জিতলেই হবে না, সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ডকে হারতে হবে।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক অলরাউন্ডারদের দল আয়ারল্যান্ড। ব্যাট হাতে দলের প্রথম সারির ব্যাটসম্যানদের সবাই রানের মধ্যে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক (৫০ বলে ১০০ রান) হাঁকানোয় কেভিন ও'ব্রায়ানকে নিয়ে এখন যে কোনো দলকে ভাবতে হবে।
কম যান না তার ভাই নিল ও'ব্রায়ানও। ভালো খেলছেন তিনিও। এড জয়েস, গ্যারি উইলসন, উইলিয়াম পর্টারফিল্ড, আলেক্স কুস্যাক, সবাই প্রায় সব খেলাতেই কিছু না কিছু রান করছেন।
৪ খেলায় ৭ উইকেট নিয়েছেন জন মুনি। ৬টি করে উইকেট নেন ট্রেন্ট জনস্টন ও জর্জ ডকরেল। এছাড়া আন্দ্রে বোথা ও কেভিন ৪টি করে উইকেট নেন। তবে পল স্টার্লিং ও বয়েড র্যানকিন হয়ে আছেন নিজেদের ছায়া।
আয়ারল্যান্ডের মতো এতো হিসেব নিকেশ করার দরকার নেই দক্ষিণ আফ্রিকার। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য জেতার জন্যই মাঠে নামবে তারা। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে কষ্টের জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় আশা করতেই পারে তারা।
ছন্দেই আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। বিশেষ করে, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা সব খেলাতেই রান পাচ্ছেন। জেপি ডুমিনি, গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস শুরুটা ভালো করলেও নিজেদের ইনিংস বড় করতে পারছেন না। তবে কম-বেশি রান পাচ্ছেন তারা।
বিপদের সময় ফাফ প্লেসিস, রবিন পিটারসন ও ডেল স্টেইনের ব্যাটও যথেষ্ট চওড়া হয়ে উঠছে।
উপমহাদেশে দক্ষিণ আফ্রিকা প্রস্তুত হয়েই এসেছে। বিশ্বকাপের আগে ভালো বল করার পরও লনওয়াবো সোতসোবেকে বসিয়ে রেখে পরিবেশ-পরিস্থিতির কথা মাথায় রেখে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে তারা।
৩ খেলায় ১১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ইমরান তাহির চোটের কারণে মাঠে না নামলেও ভারতকে হারিয়ে বোলিং শক্তির প্রমাণ দিয়েছে গ্রায়েম স্মিথের দল।
নতুন বলে বিশ্ব সেরা জুটির অন্যতম ডেল স্টেইন ও মর্নে মরকেল মরা পিচেও গতির ঝড় তুলছেন। বিশেষ করে, স্টেইনের কথা বলতেই হয়। ৪ খেলায় ১০ উইকেট নিয়েছেন তিনি।
তবে চমক দেখাচ্ছেন পিটারসন। ইংল্যান্ডের বিপক্ষে নতুন বলেও জাদু দেখিয়েছেন তিনি।
নিয়মিত বোলারদের দাপটের মধ্যেও সাফল্য পাচ্ছেন দলটির অনিয়মিত বোলাররা। প্রতিপক্ষ অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা কৌশল পাল্টাচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষেও তেমনি নতুন কৌশলের আভাস দিয়েছেন স্মিথ।
তবে বাঁচা মরার লড়াইয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আয়ারল্যান্ডও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৪ ঘ.
bdnews24