ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো অবস্থাতেই হারা চলবে না, এমন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
বিশ্বকাপ ক্রিকেটের ৩২তম খেলায় সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। খেলাটির দিকে তাকিয়ে থাকবে বি গ্র"পের বাকি পাঁচ দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ভারতের কাছে হারে ৮৭ রানে। পরের খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে ২৭ রানে। তৃতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ৯ উইকেটে। চতুর্থ খেলায় ইংল্যান্ডের বিপক্ষে জেতে ২ উইকেটে।
নেদারল্যান্ডস নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হারে ৬ উইকেটে। পরের খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে ২১৫ রানে। তৃতীয় খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে হারে ২৩১ রানে। পরের খেলায় ভারতের কাছে হারে ৫ উইকেটে।
একদিনের ক্রিকেটে এর আগে একবারই খেলেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ২০১০ সালে গ্লাসগোয় ওই খেলায় ৬ উইকেটে জেতে নেদারল্যান্ডস।
৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চমে। ৪ খেলার সব খেলায় হেরে নেদারল্যান্ডস রয়েছে সব দলের নিচে।
বি গ্র"প থেকে কোন কোন দল কোয়ার্টার ফাইনালে উঠছে সেই চিত্রটি এখনো পরিস্কার নয়। টেস্ট খেলুড়ে পাঁচ দেশেরই সামনে সুযোগ আছে কোয়ার্টার ফাইনালে ওঠার। এমনকি, জটিল হিসেব-নিকেশে বাদ পড়েনি আয়ারল্যান্ডও। যদিও ৪ খেলায় দলটির পয়েন্ট মাত্র ২।
বাংলাদেশ দল অবশ্য এসব যদি ও কিন্তুর মধ্যে নেই। শেষ দুই খেলায় জিতেই যেতে চায় কোয়ার্টার ফাইনালে। শেষ খেলার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে মরণ কামড় দেয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ।
এ খেলার দিকে সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে ইংল্যান্ড। ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারা। ইংল্যান্ড তাদের শেষ খেলায় বৃহস্পতিবার মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে জিতলে ওই খেলায় জেতার বিকল্প থাকবে না ইংল্যান্ডের।
বিশ্বকাপে নিজেদের মাঝের দুই খেলায় বড় ব্যবধানে হারলেও প্রথম ও শেষ খেলায় বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে নেদারল্যান্ডস। প্রথম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে ২৯২ রান করে দেখিয়েছে তাদের ব্যাটিং সামর্থ্য। আর শেষ খেলায় ভারতের বিপক্ষে ১৮৯ রান করেও ভালোই লড়াই করেছে তারা। যদিও শেষ পর্যন্ত হার মানে ৫ উইকেটে। এর মধ্য দিয়ে নেদারল্যান্ডস প্রমাণ করেছে বোলিংয়েও কম যায় না তারা।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলেন, এমন কয়েকজন ক্রিকেটার আছেন দলে। তারাই দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।
পিটার বোরেন, ওয়েসলি বারেসি, টম কুপার, রায়ান টেন ডয়েস্কেট ও বাস জুইডেরেন্ট বাংলাদেশকে ফেলতে পারেন কঠিন পরীক্ষার সামনে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের ধাক্কা ভালোভাবেই সামলে উঠেছে বাংলাদেশ। উদ্বোধনী জুটি চার খেলার তিনটিতেই সফল হয়েছে। তবে মাঝসারির ব্যাটসম্যানরা দলকে সেভাবে এগিয়ে নিতে পারেননি।
মুশফিকুর রহীম, রকিবুল হাসান, নাঈম ইসলাম ব্যাট হাতে বলার মতো কিছু করতে পারেননি। আর শেষ খেলায় শফিউল যে ব্যাট করলেন তাতে দলের ব্যাটসম্যানরা লজ্জা পেতেই পারেন।
বাংলাদেশের এই জায়গাতেই সবচেয়ে বেশি উন্নতি করতে হবে। বোলিং ও ফিল্ডিংয়ে খুব একটা সমস্যা না থাকলেও ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
সাকিব আল হাসান, নাঈম, আব্দুর রাজ্জাক, মাহমুদুল্লাহ রিয়াদ নেদারল্যান্ডসের ব্যাটিংকে অল্প রানেই গুটিয়ে ফেলার সামর্থ্য রাখেন। শফিউল ও রুবেল হোসেন দিন দিন উন্নতি করছেন। স্পিনারদের পাশাপাশি ম্যাচ জেতার মতো বল করছেন তারাও।
হার, জিত, হার, জিতের পর এবার হার দেখতে চায় না বাংলাদেশ। এই খেলায় জিতে নিজেদের প্রস্তুত করতে চায় আরো বড় লড়াইয়ের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০১২ ঘ.
bdnews24