ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা আগের খেলায় ইংল্যান্ডের কাছে হেরে কিছুটা পিছিয়ে আছে সত্য, তারপরও ভারতের সঙ্গে তাদের খেলাটি যথেষ্টই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
শক্তির বিচারের দু'দলই সমপর্যায়ের, তাই কেউ কাউকে ছেড়ে কথা বলেবে না। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে এটি।
অবশ্য তূলনামূলকভাবে ভারত কিছুটা এগিয়ে থাকবে, কারণ তারা নিজেদের মাটিতে খেলছে। তাছাড়া এখন পর্যন্ত একটি খেলায়ও হারেনি তারা। এসব বিচারে তাদের আত্মবিশ্বাস বেশি।
তবে দক্ষিণ আফ্রিকার জন্য খেলাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে এখন তারা। কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে তারা এখনও নিরাপদ নয়। এ জন্য আজ তারা মরিয়া হয়ে খেলবে বলে আমার বিশ্বাস।
দক্ষিণ আফ্রিকার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ভারতের বিপক্ষে জয় পাওয়ার মতো তাদের সবরকম যোগ্যতাই আছে। তাদের ব্যাটিং ও বোলিং প্রতিটি বিভাগ ভারসাম্যপূর্ণ।
তবে ব্যাটিং বিভাগের ভারতের শক্তি একটু বেশিই বলা যায়। হরভজন সিং পর্যন্ত ভালো ব্যাট করতে পারেন। তাছাড়া তাদের প্রত্যেক ব্যাটসম্যানই ফর্মে আছে।
ভারতের বোলিং আক্রমণও খুব একটা খারাপ না। বিশেষ করে তাদের স্পিন অ্যাটাক খুবই শক্তিশালী।
সব মিলিয়ে বলা যায় কেউ কারো চেয়ে কম নয়। জয়ের সম্ভাবনা রয়েছে দুই দলেরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৩০ ঘ.
bdnews24