চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া কষ্টসাধ্য হবে মনে করলেও জয়ের ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
বৃহস্পতিবার স্ট্রাউস সাংবাদিকদের জানান, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে বাংলাদেশও মরণ কামড় দেবে। ওরা খেলবে নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে।
"বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেয়া সবসময় কষ্টসাধ্য।"
বৃহস্পতিবার বিকালে ম্যাচের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন স্ট্রাউস।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্প স্কোর করেও জয়ী হওয়ায় দলের মনোবল খুব চাঙা দাবি করে স্ট্রাউস বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমদের সংগ্রহ ছিল কম। কিন্তু দারুণ খেলে ছেলেরা জয়ী হওয়ায় দলের মনোবল এখন উঁচুতে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের বাজে হারের পরও বাংলাদেশকে ভালো দল হিসেবে মানছেন ইংলিশ দলপতি।
"বাংলাদেশের স্পিন আক্রমণ শক্তিশালী। তাই আমাদের খেলতে হবে খুব সাবধানে। স্পিন মোকাবিলায় সবরকম প্রস্ততি নেওয়া হয়েছে।"
বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে চট্টগ্রামের ঘরের ছেলে তামিম ইকবালকে বিপজ্জনক মনে করছেন স্ট্রাউস। তিনি বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব তামিমকে আউট করতে। সে সবসময়ই বিপজ্জনক ব্যাটসম্যান।
দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় পিটারসন ও স্টুয়ার্ট ব্রডের ইনজুরিকে 'বড় ধাক্কা' হিসেবে দেখছেন স্ট্রাউস। তিনি বলেন, তবে রিপ্লেসমেন্ট হিসেবে যারা সুযোগ পেয়েছেন তারা চেষ্টা করবেন এ দুজনের অভাব পূরণ করতে।
বুধ ও বৃহস্পতিবারের অনুশীলনে ইংল্যান্ড দল ফিটনেসের ওপর জোর দিয়েছেন জানিয়ে এর কারণ ব্যাখ্যা করেন স্ট্রাউস। তিনি বলেন, নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ফিটনেস ট্রেনিংয়ে বেশি জোর দিয়েছি।
গ্র"প পর্বের ম্যাচগুলোতে দলের পারফর্ম্যান্স সন্তোষজনক বলে দাবি করেন ইংল্যান্ড দলের অধিনায়ক। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের উইকেটকে 'স্পোর্টিং উইকেট' হিসেবে অভিহিত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১২০ ঘ.
bdnews24