চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কমিশনার আবুল কাশেম।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
এ সময় সিএমপি কমিশনার বলেন, আশাকরি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সার্বিক নিরাপত্তার মধ্যে চট্টগ্রামে বিশ্বকাপের দুটি খেলা অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের পর ঢাকায় টিম বাসে ঢিল নিক্ষেপের ঘটনার মতো কোনো যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলেও দাবি করেন আবুল কাশেম।
তিনি বলেন, "অতিথির অসম্মান হয় এমন কিছু না করা বাঙালি সংস্কৃতির অংশ। চট্টগ্রামবাসীর আতিথেয়তা ও সু-আচরণের খ্যাতি রয়েছে। আশাকরি তারা এমন কোন আচরণ করবেন না। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।"
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
এ ম্যাচে ভেন্যুর নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট সাড়ে তিন হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান সিএমপি কমিশনার।
"পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আর্মড গার্ড ডিভিশনের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি সেনা বাহিনীর দুই কোম্পানি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স ও এক প্লাটুন কমান্ডো থাকবে। এছাড়ার ভেন্যুর নিরাপত্তায় দুটি সাজোয়া যানও থাকছে।"
"বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারও নিরাপত্তা বহরে রয়েছে।"
সিএমপি দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, উপ- কমিশনার ময়নুল ইসলাম ও উপ- কমিশনার আমেনা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/পিডি/২১১১ ঘ.
bdnews24