২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে স্ট্রাউসের সঙ্গী কে?

বিশ্বকাপে কেভিন পিটারসেনের দর্শক হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে কে ইনিংসের উদ্বোধন করবেন, সে ব্যাপারে মুখ খুলছেন না কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে কেভিন পিটারসেনের দর্শক হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে কে ইনিংসের উদ্বোধন করবেন, সে ব্যাপারে মুখ খুলছেন না কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তবে তিনি বলেন, পরিবেশ ও পরিস্থিতি মাথায় রেখে একেকটি খেলায় স্ট্রাউসের সঙ্গী পাল্টানো হতে পারে। বাংলাদেশের বিপক্ষে স্ট্রাউসের সঙ্গী হিসেবে যাকে নামানো হবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে নিশ্চয় নামানো হবে না বলে জানান ইংল্যান্ড কোচ। ফ্লাওয়ার বলেন, "বাংলাদেশের বিপক্ষে স্ট্রাউসের সঙ্গী কে হচ্ছেন তা আপনাকে কিংবা প্রতিপক্ষকে জানাতে চাই না। তবে বাংলাদেশের বিপক্ষে কে নামছেন, সে ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা আছে।" ধারণা করা হচ্ছে ইয়ান বেল, রবি বোপারা কিংবা উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাট প্রায়রের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে তাকে। তিনজনের সবাই মাঝের সারির ব্যাটসম্যান। তবে ইনিংসের উদ্বোধন করার সামর্থ্য তিনজনেরই আছে। বেল অনেক কেতাবী ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হন বোপারা। তবে মারকুটে ব্যাটসম্যান প্রায়রকেই দেখা যেতে পারে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের উদ্বোধন করতে। এরই মধ্যে বিশ্বকাপে দর্শক হয়ে গেছেন কেভিন পিটারসেন। হার্নিয়া অস্ত্রোপচারের জন্য দেশে ফিরে গেছেন তিনি। ফলে তাকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে ছয় সপ্তাহ। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দেখা যাবে না তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫০ ঘ