ঢাকা, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে মনে করেন আব্দুর রাজ্জাক।
বুধবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে কঠোর অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক। দুপুর ২টায় শুরু হয় অনুশীলন। ওই ম্যাচের প্রস্তুতিকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দল।
গ্র"প পর্বে নিজেদের তৃতীয় খেলায় শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে উঠার লড়াইয়ে এই ম্যাচকে ধরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হিসেবে।
দুই দলই এই ম্যাচ জিতে দ্বিতীয় পর্বের পথে এক পা এগিয়ে থাকতে চায়। বিশ্বকাপে এখন পর্যন্ত দু'দলই হেরেছে এক খেলায়, জিতেছে অন্যটিতে।
রাজ্জাক অন্য খেলার চেয়ে এই খেলাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ, "বিশ্বকাপে সব খেলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে আমরা এখন শুধু ওয়েস্ট ইন্ডিজকে নিয়েই ভাবছি। পরে অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ভাববো।"
রাজ্জাক বলেন, "আমরা একটা একটা খেলা ধরে এগুতে চাই।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের পরিকল্পনায় খুব বেশি পরিবর্তন হবে না বলে জানান তিনি। এ সময় দলে পরিবর্তনের বিষয়টি ম্যানেজমেন্ট, কোচ ও অধিনায়কের বিষয় বলে এড়িয়ে যান।
উপমহাদেশের উইকেট স্পিন সহায়ক হলেও স্পিনাররা এখনো তেমন কোনো কিছু করতে পারেন নি। এ ব্যাপারে রাজ্জাক বলেন, "উপমহাদেশের পিচে বোলার ও ব্যাটসম্যান সবাই সমান সুবিধা পান।"
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের মূল বোলিং ভরসার নাম রাজ্জাক। তবে প্রথম দুই খেলায় কিছুটা অনুজ্জল ছিলেন তিনি। তবে এ নিয়ে বাড়তি চাপ অনুভবের ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন তিনি।
রাজ্জাক বলেন, "কোনো চাপ নেই। খারাপ বলও করিনি। তবে উইকেট পাইনি এই যা। উইকেট পাওয়াই সব নয়। ঠিক লাইন-লেন্থ বাজায় রেখে বল করে ব্যাটসম্যানকে বেঁধে রাখাও গুরুত্বপূর্ণ।"
সেকারণে ওয়েস্ট ইন্ডিজকে নিয়েও নেই বিশেষ কোনো পরিকল্পনা। ঠিক লাইন-লেন্থে বল করলে ফল আসবেই, আত্মবিশ্বাসী রাজ্জাক।
স্পিন সহায়ক পিচে খেলা হবে আশা করলেও ইঙ্গিত দিয়েছেন জমজমাট লড়াইয়ের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিএ/ ১৬৫৩ ঘ.
bdnews24