ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ তার দলকে বাংলাদেশের চেয়ে ভালো বলে দাবি করেছেন।
রাজধানীর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ মার্চ দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।
সোমবার নেদারল্যান্ডসকে হারানোর পর রোচ অনেকটা ঘোষণার সুরে বলেন, "আমরা বাংলাদেশের চেয়ে ভালো দল।"
রোচের অবশ্য অজানা থাকার কথা নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ওয়েস্ট ইন্ডিজের উপরে।
নেদারল্যান্ডসকে ২১৫ রানে হারানোর পর মনোবল বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। এ প্রসঙ্গে রোচ বলেন, "এই জয় যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলেছে আমাদের। এখন শুধু এগিয়ে যাওয়ার পালা।" এই খেলায় হ্যাট্রিক করেন রোচ। এটি ছিল এবারের বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক। আর বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ।
নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে সহজেই হার মানে ওয়েস্ট ইন্ডিজ।
এরই মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল থেকে দেশে ফিরে গেছেন সহ-অধিনায়ক ডোয়াইন ব্রাভো, অ্যাড্রিয়ান বারাথ ও কার্লটন বগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০২৯ ঘ.
bdnews24