২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হট্টগোলের মধ্যেও খোশ মেজাজে দলনেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে ১৪ দেশের অধিনায়কদের সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে। তবে তারপরও খোশ মেজাজে দেখা গেছে দলনেতাদের। ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে ১৪ দেশের অধিনায়কদের সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে। তবে তারপরও খোশ মেজাজে দেখা গেছে দলনেতাদের। ভালো খেলার প্রতিশ্র"তি দিয়েছেন সবাই। বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে শেরাটন হোটেলে সংবাদ সম্মেলনে আসেন ১৪ দেশের দলনায়করা। নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে শুরু হলেও শুরুতেই ছিলো হট্টগোল। কারণ আলোকচিত্রীরা সম্মেলনস্থল উইন্টার গার্ডেন কক্ষের ঠিক মাঝামাঝিতে বসায় বিশৃঙ্খলা দেখা দেয়। তারা এলোমেলোভাবে ছবি তুলতে থাকেন। শুধু তাই নয়, টেলিভিশনের ক্যামেরাও তাদের কারণে ভালোভাবে চিত্র ধারণ করতে পারেনি। সংবাদ সম্মেলনে গত তিন বারের ট্রফি জয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিং এবারের দলকে কিছুটা দুর্বল বলে মন্তব্য করলেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে ছাড়েননি। স্বাগতিক বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ভালো ক্রিকেট উপহার দেওয়ার বিষয়ে ছিলেন আত্মবিশ্বাসী। সবচেয়ে আত্মবিশ্বাসী ছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, "আমার দলে সেরা ১১ জন ক্রিকেটার রয়েছে। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।" অবশ্য কোয়ার্টার ফাইনালে ওঠাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গতবারের রানার্স আপ শ্রীলঙ্কান অধিনায়ক কুমারা সাঙ্গাকারা। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে মাইক্রোফোনও উপস্থিত প্রতিবেদকদের মধ্যে বিরক্তি সৃষ্টি করে। আলোকচিত্রীদের কারণে ট্রফি নিয়ে ১৪ অধিনায়কের ফটোসেশনেও ব্যাঘাত ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এমআই/১৭৩০ ঘ.