২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান টেস্ট দলে ওমর আকমল, ওয়াহাব রিয়াজ

সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন ওমর আকমল, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান। তবে বাংলাদেশ সফরে টেস্ট দলে থাকা মোহাম্মদ খলিল ও শোয়েব মালিক কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন ওমর আকমল, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান। তবে বাংলাদেশ সফরে টেস্ট দলে থাকা মোহাম্মদ খলিল ও শোয়েব মালিক কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। ১৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। ওয়ানডেতে ব্যাট হাতে বাজে পারফরম্যান্সের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন শোয়েব। গত বছরের অগাস্টের পর থেকে এ পর্যন্ত কোনো টেস্ট খেলেননি শোয়েব। আর সেপ্টেম্বর জাতীয় দলে ফেরার পর ৬ ইনিংসে কেবল ৩৫ রান করেন তিনি। ওয়ানডেতে ভালো খেলে জায়গা ফিরে পেয়েছেন ওমর। চোট কাটিয়ে অনেক খানি সুস্থ হয়ে উঠেছেন জুনায়েদ খান। অবশ্য তার স্কোয়াডে থাকার ব্যাপারটি নির্ভর করছে ফিটনেসের ওপর। জাতীয় ক্রিকেট একাডেমিতে বর্তমানে অনুশীলন করছেন তিনি। ৩১ ডিসেম্বর আঞ্চলিক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে তার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহাম্মদ ইলিয়াস লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “সবাই আমাদের পরিকল্পনায় রয়েছেন। তবে শুধু পারফরম করলেই তারা জাতীয় দলে খেলার জন্য বিবেচিত হবেন। শোয়েব হয়তো বাদ পড়েছেন কিন্তু তিনি আমাদের পরিকল্পনায় ভালোভাবেই রয়েছেন।” রিয়াজ শেষ টেস্ট খেলেছিলেন গত মে মাসে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ঘরোয়া ক্রিকেটে কায়েদে আজম ট্রফিতে ন্যাশনাল ব্যাঙ্কের হয়ে ৬ খেলায় ২৪.৮৬ গড়ে ৩০ উইকেট নিয়ে জাতীয় দলের জায়গা ফিরে পেয়েছেন। দল: মোহাম্মদ হাফিজ, তৌফিক ওমর, ইমরান ফারহাত, আজহার আলী, ইউনুস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, ওমর আকমল, আদনান আকমল (উইকেটরক্ষক), ওমর গুল, আইজাজ চিমা, জুনায়েদ খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ তালহা, সাঈদ আজমল ও আব্দুর রেহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩০ ঘ.