ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মার্চে তৃতীয়বারের মতো এশিয়া কাপ ক্রিকেটের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১২ মার্চ এশিয়া কাপের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তান। ফাইনাল হবে ২৩ মার্চ। প্রতিযোগিতার অন্য দুই দল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা। সবগুলো খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সব ম্যাচই দিন-রাতের।
সোমবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক এসব তথ্য জানান।
এ সময় এসিসি ও বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবং বিসিবির পরিচালকরা উপস্থিত ছিলেন।
দুই লাখ মার্কিন ডলার বাজেটের এই প্রতিযোগিতায় বাংলাদেশ শুধু গেট মানি পাবে। টাইটেল স্পন্সরসহ টিভি স্বত্বের পুরো অর্থ যাবে এসিসির তহবিলে।
এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দলের আর্থিক পুরস্কার ৩০ হাজার ডলার। গ্র“প পর্বে প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড় ৫ হাজার এবং ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ৭ হাজার ডলার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকবে সাড়ে ১২ হাজার ডলার পুরস্কার।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ব্যস্ত সূচির কারণে এবারের আসরের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা যাওয়ার কথা জানান আশরাফ। তিনি বলেন, “ভারত ভীষণ ব্যস্ত। শুরুতে তাদের কাছ থেকে সময় পেতে সমস্যা দেখা দেয়ায় টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো। পরে সব কিছু মীমাংসা হয়ে যাওয়ায় আমরা আগামী মার্চে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।”
এই প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে আয়োজনের ব্যাপারে বিসিবি সভাপতি মুস্তফা কামাল দারুণ আশাবাদী। এসিসির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিসিবি শিগগিরই একটি কমিটি ঘোষণা করবে বলে জানান তিনি।
এর আগে ১৯৮৮ এবং ২০০০ সালে বাংলাদেশ এশিয়া কাপের আয়োজন করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪২ঘ.
bdnews24